
টাঙ্গাইলের সখীপুরে নিজ বসতঘর থেকে সজীব হোসেন (২২) নামে বিদেশফেরত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজীব হোসেন সখীপুরের বহুরিয়া গ্রামের মো. জাফর আলীর ছেলে। আগস্টের শুরুতে কম্বোডিয়া থেকে দেশে ফেরেন তিনি।
জানা গেছে, সজীবের বাবা জাফর আলী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন কর্মচারী হিসেবে অবসরে গেছেন। বাবার চাকরিজীবনের রোজগারের আট লাখ টাকা খরচ করে সজীব হোসেন এ বছরে জানুয়ারি মাসে কম্বোডিয়া যান। ওই দেশে যাওয়ার পর কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেখানে অনাহারে–অর্ধাহারে দিন কাটতে থাকে তার। পরে বাবা আবারও এক-দেড় লাখ টাকা ঋণ করে ছেলেকে দেশে ফিরিয়ে আনেন। দেড় মাস আগে দেশে ফিরে সজীব হোসেন হতাশায় ভুগতে থাকেন। আর্থিক ক্ষতি ও ঋণের চাপ সইতে না পেরে সজীব হোসেন আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


