
২১ তলা আবাসনে ওঠানামার জন্য রয়েছে চারটি লিফট। অথচ সেগুলোর একটিও ব্যবহারের অনুমতি নেই শ্রমিকদের। ফলে মাথায় প্রায় ২০ কেজি ওজনের কংক্রিটের ব্লক নিয়ে সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠতে হচ্ছে এক শ্রমিককে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবাসন কর্তৃপক্ষের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ডিম্পস নামে এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করেন। যদিও পরে তার প্রোফাইল থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, এক শ্রমিক মাথায় দুটি ভারী কংক্রিটের ব্লক নিয়ে বহুতল ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন। ব্লক দুটির মোট ওজন প্রায় ২০ কেজি।
ভিডিওটি প্রকাশ করে ডিম্পস প্রশ্ন তোলেন, একটি আবাসনে চারটি লিফট থাকা সত্ত্বেও শ্রমিকদের কেন সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না? তার মতে, একই ভবনে আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শ্রমিকদের সেই সুবিধা থেকে বঞ্চিত রাখা মানবিকতার পরিপন্থী।
এক্স ব্যবহারকারী অমিত সিংও ভিডিওটি শেয়ার করে আবাসন কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, চারটি লিফট থাকা সত্ত্বেও ওই শ্রমিককে ২১ তলা পর্যন্ত ভারী কংক্রিটের ব্লক বহন করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ শ্রমিকদের সঙ্গে এমন আচরণকে দাসত্বের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ এটিকে শ্রমিকদের প্রতি চরম অবিচার বলে মন্তব্য করেছেন। শুধু শ্রমিক হওয়ার কারণে একই ভবনের লিফট ব্যবহারের অধিকার থেকে তাদের বঞ্চিত করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা।
আরটিভি/এমএইচজে


-1793331780-412746_1793331799.jpg)

