
বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে পাশের দেশ জড়িত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, শ্রমিকরা তৈরি পোশাক খাতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন করছেন। শ্রমিকদের এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে বিভিন্ন জায়গায় নাশকতা করছে। এর মধ্যে পতিত আওয়ামী লীগের লোকজন সরাসরি যুক্ত। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে পাশের দেশ ভারত জড়িত।
গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করার জন্য বহু আগে থেকেই ষড়যন্ত্র করছে ভারত। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় আর ভারতের ষষ্ঠ। ফলে ভারত বাংলাদেশের পোশাক খাতে অরাজকতা সৃষ্টি করে এই বাজার দখল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক। ইতোমধ্যে সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে। তারপরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা প্রমাণ করে, এতে তৃতীয় পক্ষের হাত রয়েছে। ভারতের ষড়যন্ত্রের হাত থেকে পোশাক খাতকে বাঁচাতে সরকারকে কঠোর হতে হবে।
আরটিভি/ এসকেডি




