
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বক্তব্য নিতে সাংবাদিকেরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। শুরুতে তিনি কারও ফোন ধরছিলেন না। পরে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর সাংবাদিকেরা বক্তব্য নিতে কুষ্টিয়ায় তার বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বাড়িতে নেই।
রাশেদ খাঁন আরও দাবি করেন, কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। স্থানীয় সাংবাদিকেরা তার সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না বলে তিনি জানতে পেরেছেন।
ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে লেখেন, গাজী নজরুলের পর আমির হামজার ঘটনাকে কেন্দ্র করে দল হিসেবে জামায়াত যেন গুম হয়ে গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজাকে নিয়ে একাধিক পোস্ট করেছিলেন রাশেদ খাঁন। সেসব পোস্টে তিনি কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন।
এমনকি বিষয়টি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জানতেন বলে মন্তব্য করেন তিনি।
আরটিভি/এসকে



