
ফেডারেশন কাপে মাঠে নামবে ‘বি’ গ্রুপের চার দল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোয়া ৩ টায় শুরু হবে দিনের প্রথম খেলা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে উত্তরা বারিধারা ক্লাব।
দুই ম্যাচ খেলে এক ম্যাচে জয় পেয়েছে বারিধারার দলটি। শেষ আটে যেতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের হাতে।
অপরদিকে ব্রাদার্স ইউনিয়ন দুই ম্যাচের দুটিতেই হেরে আগেই ছিটকে গেছে আসর থেকে।
এদিন সন্ধ্যা পৌনে ৬ টায় দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব।
নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া কলকাতা মহামেডানের হয়ে আইলিগে অংশ নিতে ভারতে অবস্থান করছেন। দলনেতা হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে রিয়াদুল হাসান রাফিকে। মঙ্গলবার জাতীয় দলের এই তরুণ তারকা ডিফেন্ডারের জন্মদিন।
দুই ম্যাচের দুটিতেই জয় পেয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেই রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে গ্রুপ সেরা হতে চায় রাফির দল।
আরামবাগ নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। জয়ের ধারা অব্যাহত রেখেই শেষ আটে উঠতে চায় আরামবাগ ক্রীড়া সংঘ।
ওয়াই




