
ভারতের বিপক্ষে হারের পর থেকেই সমালোচনায় বিদ্ধ হয়ে আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমদের টানা সমালোচনা করেন দেশটির সাবেক ক্রিকেটাররা। মনে করা হচ্ছিল, ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে নিস্তার পাবেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ রেজওয়ানরা। কাল অজিদের বিপক্ষে হেরে বিপদ বাড়িয়েছে পাকিস্তান।
হারের জন্য কাঠগড়ায় পাকিস্তানের ফিল্ডিং। আগের ৩ ম্যাচে মোটে ২টি ক্যাচ ছাড়া দলটি কাল ফেলে ৩টি ক্যাচ। দুটি ছাড়েন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা উসামা মীর। পাকিস্তান দলের অন্যতম সেরা ফিল্ডার শাদাব খানের পরিবর্তে কাল সুযোগ পেয়েছিলেন তিনি।
বল হাতে ৯ ওভারে ১ উইকেটে নিতে খরচ করেন ৮২ রান। ব্যাটিংয়ে শূন্য রানে আউট হন উসামা। উসামার প্রথম ফেলে দেয়া ক্যাচটি সবচেয়ে বেশি ক্ষতি করে পাকিস্তানের। ইনিংসের পঞ্চম ওভারে ব্যক্তিগত ১০ রানে ‘জীবন’ পাওয়া ডেভিড ওয়ার্নার ১২৪ বলে খেলেন ১৬৩ রানের ইনিংস।
ওতেই রান পাহাড়ে চেপে বসে অজিরা। যে রান তাড়া করা সম্ভব হয়নি পাকিস্তানের। তবুও উসামার ওপর থেকে সমর্থনের হাত সরায়নি পাকিস্তান ক্রিকেট দল। তাদের পেস বোলিং কোচ মরনে মরকেল বলেন, ‘যে কেউ যেকোনো দিন ক্যাচ ফসকাতে পারে। এটা খেলারই অংশ। সৌভাগ্যবশত দলের পরিবেশ খুব ভালো। ড্রেসিংরুমের সবাই উসামার পাশেই থাকবে, সমর্থন করবে।’
উসামা আগামীতে তার ভুল শুধরে নেবেন বলে মনে করেন মরকেল, ‘আমাদের উচিত কঠিন সময়ে ওকে সমর্থন করা। এটা ওর জন্য শেখার বড় সুযোগ। আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে।’




