
সেই ১৯৮৬! তারপর কেটে গেছে ২ যুগেরও বেশি সময়। এর মধ্যে ছুঁয়ে দেখা হয়নি স্বপ্নের সোনার ট্রফিটা। যা স্পর্শ করতে উদগ্রীব লাখো আর্জেন্টাইন। গেলোবার অবশ্য ধরেই ফেলছিলেন মেসিরা। তবে ফাইনালে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইনদের। আর মাত্র ৬ মাস পর রাশিয়া বিশ্বকাপ। ফের আশায় বুক বাঁধছেন আলবিসেলেস্তেরা। এবার নাকি সেই আশা পূরণ হতেও চলেছে। অন্তত সাবেক আর্জেন্টাইন মিডফিল্ড জেনারেল হুয়ান রোমান রিকুয়েমে তাই মনে করছেন। তার মতে, লিওনেল মেসির সেরাটা পেলে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
২০১৮ বিশ্বকাপের টিকিট কাটতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আর্জেন্টিনাকে। বাছাইপর্বে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। মেসির জাদুকরী পারফরম্যান্সে কোনোরকমে সেই গণ্ডি পার হয় আর্জেন্টাইনরা। সঙ্গত কারণে, আগামী বিশ্বকাপের শিরোপার দৌড়ে তাদের নিয়ে বাজি ধরা লোকের সংখ্যা খুবই কম।
তবে আশাহত নন রিকুয়েমে। মাঝমাঠের এই সৈনিক বলেন, ‘ডি গ্রুপে আমাদের প্রতিদ্বন্দ্বী নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। মেসি ভালো পারফরম করলে তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না। আমরা আশা করি, ভালো করব। দলের সব খেলোয়াড়ই দুর্দান্ত খেলবে। সর্বোপরি খুদে জাদুকর।’
আর্জেন্টিনার হয়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তারকা ফুটবলারের মতে, গ্রুপ স্টেজ পার হলে দলের মধ্যে কম্বিনেশন গড়ে উঠবে। ভালো একটা ভারসাম্য আসবে। পরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জেতা কঠিন হবে না। মেসি ফর্মে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এবার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে আর্জেন্টিনার।’
বর্তমান কোচ হোর্হে সাম্পাওলি। একঝাঁক তারকা থাকা সত্ত্বেও দলে এখনো সুসমন্বয় আনতে পারেননি তিনি। কাকে কোন পজিশনে খেলাবেন তাও স্থির করতে পারেননি। তার ওপর কতটা ভরসা রাখছেন। এর জবাবেও ঘুরেফিরে রিকুয়েমের মুখে এলো মেসির কথা, ‘আমি সাম্পাওলিকে চিনি না। বিশ্বকাপ জেতাটা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব খেলোয়াড়ের ওপর ভরসা রাখতে চাই। বিশেষ করে মেসির ওপর। আমরা আবারো উদযাপন করতে চাই।’
ডিএইচ/ওয়াই




