ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচের সময়সূচি। আগামী ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চ এর মধ্যেই মাঠে গড়াবে মহাদেশীয় দুই চ্যাম্পিয়নের জমজমাট লড়াই। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ‘টিওয়াইসি স্পোর্টস’ ও স্পেনের ‘এএস’ সংবাদমাধ্যম।
২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছে আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিয়ম অনুযায়ী—এই দুই মহাদেশের শীর্ষ দলের মধ্যেই অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। যার প্রথম আধুনিক সংস্করণে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা।
ব্যস্ত আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল সূচির কারণে ম্যাচটি নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা থাকলেও, শেষ পর্যন্ত দুই দেশের ফুটবল ফেডারেশন—আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সম্মত হয়েছে নির্দিষ্ট সময়ের ব্যাপারে। আয়োজন সফল করতে একযোগে কাজ করছে উয়েফা, কনমেবল, ফিফা ও দুই দেশীয় সংস্থা।
এই ফিনালিসিমা আরও আলোচিত হচ্ছে বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালকে ঘিরে। যাকে মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন অনেকে। ফলে, একসময় যাকে আইডল হিসেবে দেখা হতো, সেই মেসির বিপক্ষে মাঠে নামতে পারেন ইয়ামাল। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক অসাধারণ মুহূর্ত।
উল্লেখ্য, ফিনালিসিমা মূলত ১৯৮৫ ও ১৯৯৩ সালের আর্তেমিও ফ্রাঞ্চি কাপের আধুনিক রূপ। ওই দুই আসরের পর দীর্ঘ বিরতিতে ২০২২ সালে ফের শুরু হয় এই আয়োজন। যেখানে প্রথম সংস্করণেই ট্রফি জিতে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগেই এই হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে। যেখানে দুই শক্তিশালী দল মুখোমুখি হবে ইতিহাস গড়ার লক্ষ্যে। ফুটবলবিশ্ব অপেক্ষায় রয়েছে এক রোমাঞ্চকর দ্বৈরথের।
আরটিভি/এসকে




