বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (৯ আগস্ট)। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে অনুষ্ঠিত এই সভায় বোর্ড পরিচালকরা সরাসরি উপস্থিত থাকবেন। তবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় ভার্চুয়ালি (অনলাইনে) অংশ নেবেন।
গত মে মাসে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে বুলবুলের সভাপতিত্বে আরও একটি গুরুত্বপূর্ণ সভা। দেশের বাইরে অবস্থান করায় বোর্ডের আরেক পরিচালক ফাহিম সিনহাও অনলাইনে সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
সভায় মূল আলোচ্যসূচি হিসেবে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়াও জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
এদিকে, আগামী ১৭ আগস্ট দেশে ফিরবেন বিসিবি সভাপতি বুলবুল। এর আগেই জাতীয় দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। আজ (৬ আগস্ট) শুরু হওয়া এই ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। শুরুতে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং এর ওপর জোর দেওয়া হচ্ছে, যা পরিচালনা করছেন ট্রেনার নাথান কেলি। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং।
ছুটি শেষে আগামী ২০ আগস্ট থেকে সিলেটে আবারও শুরু হবে দ্বিতীয় ধাপের ক্যাম্প। এরই মাঝে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনাও করছে বিসিবি।
আরটিভি/এসকে




