
আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করলেও জাতীয় দলে সে ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চার ইনিংসে তার সংগ্রহ ছিল ০, ১৯, ০ ও ৭ রান।
এমন পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়লেও নির্বাচকরা এখনো ৩২ বছর বয়সি এই ডানহাতি ওপেনারের ওপর ভরসা রাখছেন। সেই আস্থার প্রতিদান দিতে নতুন উদ্যমে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল বর্তমানে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় আছে।
এই টুর্নামেন্ট শেষে আগামী ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচ হবে বিজয়ের জন্য ফর্ম ফিরে পাওয়া ও নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার এক বড় মঞ্চ।
আগামী বছরের আগস্টে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অংশ। সেই সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই চার দিনের ম্যাচের আয়োজন।
বিজয় ছাড়াও এই সফরে দলে যোগ দিচ্ছেন ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। তারা ১৭ ও ১৮ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়ায় রওনা হবেন।
সেখানে থাকা পেসার হাসান মাহমুদও চার দিনের ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলামও সুযোগ পেতে পারেন।
আরটিভি/এসকে/এস




