
বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারের দলে সবচেয়ে বেশি নজর কেড়েছে বার্সেলোনার আধিপত্য। কাতালান ক্লাব থেকে একসঙ্গে জায়গা পেয়েছেন সাতজন ফুটবলার।
আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বাছাইপর্বের অভিযান। এরপর ৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ হবে তুরস্ক।
বার্সেলোনার সাত খেলোয়াড় হলেন, লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ফেরান তোরেস, পাও কুবার্সি, দানি ওলমো ও ফারমিন লোপেজ। তবে বড় চমক হলো সদ্য বার্সায় যোগ দেয়া গোলরক্ষক হুয়ান গার্সিয়ার বাদ পড়া। এস্পানিয়লের হয়ে গত মৌসুমে সর্বোচ্চ ১৪৬টি সেভ করা সত্ত্বেও জাতীয় দলে ডাক পাননি তিনি।
অন্যদিকে চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডানপাশের রক্ষক দানি কারভাহাল এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। হাঁটুর ইনজুরিতে তারা দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এখন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।
স্পেন ইউরোপ অঞ্চলের ‘ই’ গ্রুপে আছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া, তুরস্ক ও জর্জিয়া।
স্পেন স্কোয়াড-
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া ও আলেক্স রেমিরো।
ডিফেন্ডার: দানি কারভাহাল, ডিন হুইসেন, পেদ্রো পোরো, দানি ভিভিয়ান, পাও কুবার্সি, রবিন লে নরম্যান্ড, আলেহান্দ্রো গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া।
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, রদ্রি, গাভি, ফারমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো, মিকেল মেরিনো ও ফ্যাবিয়ান রুইজ।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা ও জেসুস রদ্রিগেজ।
আরটিভি/এসকে




