
বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা করেছেন, তিনি বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আসন্ন নির্বাচনে পরিচালক পদে অংশ নেবেন। মাস তিনেক আগে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার সময় বুলবুল জানিয়েছিলেন, তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য বোর্ডে কাজ করতে এসেছেন। তবে এরপর সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি এবার নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে (বিসিবি) সভাপতি নির্বাচন হয় না, ডিরেক্টর নির্বাচন হয়। সেটাই প্রথম লক্ষ্য। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার।
তিনি নিজের হঠাৎ সিদ্ধান্ত বদলের কারণও ব্যাখ্যা করেন, আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার কথা, কিন্তু সেই কুইক ইনিংস শেষ হয়নি। তাই টি-টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাওয়ার মনস্থির করেছি। এছাড়া আমাদের অনেক সম্ভাবনা আছে, তাই নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।
বুলবুল বলেন, সাবেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচনে অংশ নিতে পারেন, তবে তিনি প্রধান হওয়ার লক্ষ্যেই করবেন। তামিমের সঙ্গে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে তিনি জানান, আমার সাথে কথা হয়নি। সবার প্রতি শ্রদ্ধা থাকবে, সহযোগিতা থাকবে। আমরা সবাই এখানে এসেছি ক্রিকেটের কাজে। ক্রিকেটকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।
আরটিভি/এসকে




