
ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর এবার নতুন অভিযোগ নিয়ে দু’দেশই আইসিসির দ্বারস্থ হয়েছে।
গত রোববার দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে। ওই ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও তারকা পেসার হারিস রউফের উদযাপন এবং অঙ্গভঙ্গি নিয়ে ক্ষিপ্ত ভারতীয় সমর্থকরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সেই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে আইসিসিকে মেইল করেছে।
সূত্রের খবর, ফারহান ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে আঙুল দেখানো ভঙ্গি করেছিলেন, যা ভারতের পক্ষ থেকে ‘যুদ্ধের ইঙ্গিত’ হিসেবে দেখা হয়েছে। রউফও যুদ্ধবিমান ভেঙে পড়ার ভঙ্গি দেখান এবং হাতে ছয় আঙুল দেখান, যা অপারেশন সিঁদুরের সময় ছয়টি ভারতীয় যুদ্ধবিমানের ধ্বংসের সঙ্গে যুক্ত করা হয়।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও বসে নেই। তারা অভিযোগ করেছে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর তার দেশের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ ও পেহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, যা মাঠে রাজনৈতিক মন্তব্য হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের দুই ম্যাচে হাত না মেলানো নিয়েও ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছিল। এখন আইসিসিতে উভয় পক্ষের নালিশ, যা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তেজিত করার সম্ভাবনা রাখে।
আরটিভি/এসকে




