
আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময়ে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। তবে কেরালায় সেই ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এবং ম্যাচের স্পন্সর প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথমে বলা হয়েছিল, ১৭ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’-এর ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, ফিফা থেকে অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।
তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছে, তারা নভেম্বরে ভারত সফরে যাচ্ছেনা। আর্জেন্টিনার কর্মকর্তারা জানান, নভেম্বরে জাতীয় দল স্পেন ভ্রমণে যাবে প্রশিক্ষণের জন্য এবং ১৪ নভেম্বর একমাত্র প্রীতি ম্যাচ খেলবে অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায়। এএফএ আরও জানিয়েছে, কেরালায় ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবং চুক্তি লঙ্ঘনের কারণে ভারত সফর বাতিল করা হলো।
আফিসিয়ালের ভাষ্যে, আমরা নভেম্বরে ম্যাচ করার জন্য সম্ভাব্য সবকিছু করেছি, এমনকি একটি প্রতিনিধি দল মাঠ ও হোটেল দেখেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারত প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি। আমাদের এখন নতুন তারিখ খুঁজে চুক্তি পুনর্গঠন করতে হবে।
আরটিভি/এসকে




