
সদ্য শেষ হওয়া এল ক্লাসিকোতে নানা বিতর্কে জাড়িয়েছিলেন লামিন ইয়ামাল। সেই বিতর্ক শেষ না হতেই ইয়ামালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস। গণমাধ্যমটি জানিয়ে, বার্সেলোনা শহরে একটি প্রাসাদসম বাড়ি কিনতে যাচ্ছেন ইয়ামাল।
প্রতিবেদন অনুসারে, প্রাসাদটির বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ইউরোয় (১৫৬ কোটি ৬৭ লাখ টাকা)। যেখানে একসময় থাকতেন বার্সা কিংবদন্তি জেরার্দ পিকে ও তার সাবেক প্রেমিকা পপ গায়িকা শাকিরা।
পিকে–শাকিরার সম্পর্কের শুরু ২০১০ সালে। বাড়িটি নির্মাণ করা হয় ২০১২ সালে। তখন থেকে ২০২২ সালে বিচ্ছেদের আগপর্যন্ত তারা সেই বাড়িতেই থাকতেন। দুজন আলাদা হয়ে যাওয়ার পরপরই বাড়িটি বিক্রির জন্য তোলা হয়।
পিকে–শাকিরার পুরোনো আর ইয়ামালের ভবিষ্যৎ ঠিকানা হতে চলা ভূসম্পত্তিটি ৩৮০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত। বিশাল এই জায়গায় রয়েছে তিনটি ভবন—একটি মূল বাড়ি এবং দুটি আলাদা বাসভবন। এ ছাড়া ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক চত্বর, এমনকি একটি রেকর্ডিং স্টুডিও আছে।
প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা), যা ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয়। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো (৪২ কোটি ৭২ লাখ টাকা) কমানো হয়।

ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো (১৫৬ কোটি ৬৭ লাখ টাকা)। এই দুই ভবনে শয়নকক্ষ আছে ছয়টি ও বাথরুম পাঁচটি। ইয়ামাল নাকি এই সম্পত্তি কেনার ব্যাপারে বেশ আগ্রহী। তবে তিনি নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী বাড়িটি সাজাতে চান। এ জন্য কিছু অর্থ সংস্কারকাজে ব্যয় করবেন বলে জানিয়েছে এল পাইস।
কয়েক মাস আগে ইয়ামাল বার্সেলোনার সঙ্গে ৬ বছরের নতুন চুক্তি করেছেন। এই চুক্তিতে তার বার্ষিক বেতন প্রায় ৩ কোটি ইউরো (৪২৭ কোটি ২৯ লাখ টাকা)। চুক্তির পুরো সময় বার্সায় কাটালে ১৮ কোটি ইউরো (২৫৬৩ কোটি ৭৪ লাখ টাকা) পর্যন্ত আয় করতে পারেন।
এ ছাড়া বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে বড় অঙ্কের অর্থ তো পাবেনই। সব মিলিয়ে ইয়ামালের বছরে আয় হতে পারে প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো (প্রায় ৫২৭ কোটি টাকা)।
আরটিভি/এসআর




