অকল্যান্ডে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও জয় পায়নি নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের অবসরের পর নতুন অধ্যায়ের শুরুটা ব্যর্থতায় রঙিন হলো কিউইদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ওপেনার ফিন অ্যালেন, টিম সেইফার্ট ও লকি ফার্গুসনের অনুপস্থিতিতে কিছুটা দুর্বল মনে হয়েছে কিউই বোলিং আক্রমণকে।
আগে ব্যাট করে শাই হোপের হাফসেঞ্চুরি (৩৯ বলে ৫৩) ও রভম্যান পাওয়েলের ঝড়ো ২৩ বলে ৩৩ রানের ইনিংসে ৬ উইকেটে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম ওভারেই ৪৩ রানে তিন উইকেট হারালেও হোপ ও রোস্টন চেজের ৫৪ রানের জুটি দলকে স্থিতি দেয়। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি ও জ্যাক ফোকস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারায় স্বাগতিকরা। ১৭তম ওভার শেষে ১০৭ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তবে শেষ দিকে মিচেল স্যান্টনার ঝড় তোলেন ব্যাট হাতে। ১৮তম ওভারে ২৩ রান তুলে ম্যাচে ফেরার আভাস দেন তিনি। পরের ওভারে জেসন হোল্ডারকে টানা তিন চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন এই অলরাউন্ডার।
শেষ পর্যন্ত ২৮ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৫৫ রান করেন স্যান্টনার। জ্যাকব ডাফির সঙ্গে দশম উইকেটে ৫০ রানের রেকর্ড জুটি গড়ে ম্যাচে উত্তেজনা ফেরান তারা। কিন্তু জয় থেকে ৭ রানে দূরে থেকে ১৫৭ রানে থেমে যায় কিউইদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ও রোস্টন চেজ তিনটি করে উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডে ১২ বারের চেষ্টায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। আগের ১১ বারের দেখায় দুটি ম্যাচ টাই হয়েছিল, যার একটিতে সুপার ওভারে জিতেছিল ক্যারিবিয়ানরা।
আরটিভি/এসকে




