আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি বড় আসর। আর যথারীতি একই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। মঙ্গলবার(২৫ নভেম্বর) মুম্বাইয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করবে আইসিসি। তবে তার আগেই প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত এই ম্যাচের সময়সূচি।
চলতি বছরের এশিয়া কাপে উত্তপ্ত লড়াইয়ের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
ভারতের গ্রুপ পর্যায়ে ম্যাচের সূচি:
৭ ফেব্রুয়ারি, মুম্বাই: যুক্তরাষ্ট্রের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ
১২ ফেব্রুয়ারি, দিল্লি: নামিবিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ
১৫ ফেব্রুয়ারি, কলম্বো: পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ
১৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদ: নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত–শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান তাদের সব গ্রুপ ম্যাচ খেলবে কলম্বো ও ক্যান্ডিতে।
এইবারও ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল।
ভারত গ্রুপ পর্ব উত্তীর্ণ হলে সুপার এইটের তিনটি ম্যাচ আয়োজন করা হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। ভারত সেমিফাইনালে উঠলে ম্যাচটি হবে মুম্বাইয়ে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের অগ্রগতির ওপর নির্ভর করে সেমিফাইনাল ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে কলম্বো বা কলকাতা।
ফাইনাল নির্ধারিত আহমেদাবাদে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে তা সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোতে।
আসন্ন আসরে অংশ নিচ্ছে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, ইতালি, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
বার্বাডোজে অনুষ্ঠিত আগের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবারও চ্যাম্পিয়ন ভারত মাঠে নামছে শিরোপা ধরে রাখার মিশনে, আর পাকিস্তানের লক্ষ্য দুই দশকের শিরোপা খরা কাটানো।
১৫ ফেব্রুয়ারির মহারণ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে বিশ্ব ক্রিকেটের চোখ থাকবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
আরটিভি/এসকে




