রুদ্ধশ্বাস ফাইনালে জর্ডানকে হারিয়ে আরব কাপ জিতল মরক্কো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১১:২৩ এএম


রুদ্ধশ্বাস ফাইনালে জর্ডানকে হারিয়ে আরব কাপ জিতল মরক্কো
ছবি: সংগৃহীত

আরব কাপের ফাইনালে জমজমাট লড়াই শেষে শিরোপা জিতেছে মরক্কো। নাটকীয়তায় ভরা ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গিয়ে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তর আফ্রিকার দলটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রায় ৩৫ গজ দূর থেকে ওসামা তান্নানের দুর্দান্ত শট জর্ডান গোলরক্ষকের হাত ফাঁকি দিয়ে জালে জড়ায়।

গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে জর্ডান। তবে মরক্কোর আক্রমণের ধার কমেনি। অষ্টম মিনিটে কারিম এল বেরকাউয়ির জোরাল শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। ৩৩তম মিনিটে জর্ডান ম্যাচে নিজেদের প্রথম বড় সুযোগ পায়। হুসাম আবু আল দাহাবের হেড ঝাঁপিয়ে প্রতিহত করেন মরক্কোর গোলরক্ষক মেহদি বেনাবিদ। এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে জর্ডান। দ্রুত নেওয়া কর্নার থেকে মোহান্নাদ আবু তাহার ক্রসে নিখুঁত হেডে গোল করেন আলি ওলওয়ান। এরপর ৬৮তম মিনিটে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ডি-বক্সে আশরাফ এল মাহদিওইয়ের হ্যান্ডবলের ঘটনায় পাওয়া স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে জর্ডানকে লিড এনে দেন আলি ওলওয়ান।

ম্যাচের শেষ দিকে আবার নাটকীয়তা। ৮৭তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা ফেরান আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। মোহাম্মদ হিরমাতের হেড গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল আব্দেররাজ্জাকের গায়ে লেগে সামনে আসে। দ্বিতীয় চেষ্টায় খুব কাছ থেকে গোল করেন তিনি। অফসাইডের দাবি উঠলেও ভিএআর পর্যালোচনায় গোল বহাল থাকে।

বিজ্ঞাপন

যোগ করা সময়ের অষ্টম মিনিটে জয়ের সুযোগ পেয়েছিলেন আলি ওলওয়ান। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই উত্তেজনা ছড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যেই মোহান্নাদ আবু তাহা জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে রুদ্ধশ্বাস লড়াই। শেষ পর্যন্ত কর্নার থেকে মারওয়ানে সাদানের হেডের পর পোস্টের কাছাকাছি পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। এই গোলেই জয় নিশ্চিত করে মরক্কো।

বিজ্ঞাপন

এই জয়ের মাধ্যমে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল মরক্কো। ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জিতেছিল দলটি। এবারও ফাইনাল মঞ্চেই হাসল উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

আরও পড়ুন

শিরোপা জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই সামনে আরও বড় চ্যালেঞ্জ। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে মাঠে নামতে হবে মরক্কোকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission