
ঝাড়খণ্ডের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ইতিহাস সৃষ্টি করেছেন। হরিয়ানার বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংসে মাত্র ৪৯ বল খেলে ১০১ রান করে দলের জয় নিশ্চিত করেন। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ঝাড়খণ্ড প্রথমবারের মতো এই ট্রফি জিতেছে।
ইশানের ইনিংসটি ছিল এক কথায় বিধ্বংসী ১০টি ছক্কা ও ৬টি চারে সজ্জিত, মাত্র ৪৫ বলেই তিনি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। এটি তার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পঞ্চম শতক। ৬২ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করে ইশান এখন অভিষেক শর্মার সঙ্গে মিলিয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ সেঞ্চুরি করা খেলোয়াড়।
চলতি মৌসুমে ইশান হাঁকিয়েছেন ৩৩টি ছক্কা। যা একটি আন্তর্জাতিক বা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে উইকেটকিপার-অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ধরা ছিল মহেন্দ্র সিং ধোনি ও নিকোলাস পুরানের নামের পাশে, যাদের ছিল ৩০টি ছক্কা।
জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়তে এই পারফরম্যান্স বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ইশান। সাম্প্রতিক সময়ে ভারতের ‘এ’ দলে নিয়মিত থাকলেও মূল দলে জায়গা পেতে এখনও সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মার মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার ফাইনালে ইশানের অসাধারণ শতকে ঝাড়খণ্ড ২৬২ রান সংগ্রহ করে, যা হারিয়ানা মাত্র ১৯৩ রানে অলআউট হয়। ফলে ঝাড়খণ্ড ৬৯ রানে জয়ী হয়ে প্রথমবারের মতো সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করল।
আরটিভি/এসকে




