
চলমান অ্যাশেজে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ ও বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে অজিরা। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে, কেন এই টেস্টকে বক্সিং ডে টেস্ট বলা হয়।
ক্রিসমাসের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর হয় বক্সিং ডে। অনেক কমনওয়েলথ দেশে এই দিনটা বিশেষভাবে পালিত হয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও ব্রিটেনে পালিত হয় এই দিন। দিনটি বিশেষ হওয়ায় দক্ষিণ হ্যাম্পশায়ার দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট খেলে।
অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট একটা উৎসব। যেখানে প্রায় সব দেশবাসী টিভির সামনে বসে টেস্ট ম্যাচ উপভোগ করেন। আজ অ্যাশেজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ হচ্ছে।
সেই মেলবোর্নেই ১৯৫০ সাল থেকে নিয়মিত বক্সিং ডে ম্যাচ আয়োজনের প্রচলন রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বক্সিং ডে ম্যাচের যাত্রা শুরু হয় ১৯৬৮ সাল থেকে।
বক্সিং কথাটা এসেছে বক্স শব্দ থেকে। অর্থাৎ ছুটির উপহার। ব্রিটেনে ক্রিসমাস উপহার দেয়া হয় সবাইকে। যাকে ক্রিসমাস বক্স বলা হয়। পুরোনো দিনে বাড়ির কাজের লোকেরা ক্রিসমাসে মালিকের থেকে উপহার পেত। মূলত বক্সে ভরা থাকত সেই উপহার।
ক্রিসমাসের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তারা বাড়ি যেত সেই উপহারগুলো নিয়ে। সেই থেকে দিনটা বক্সিং ডে নামে পরিচিত। আরও একটা কথা প্রচলিত আছে। সেটা হল এই দিনে গরিবদের অর্থ ও উপহার দিয়ে সাহায্য করত ধনীরা। তাই এই দিনটাকে বক্সিং ডে বলা হয়।
এই দিনে টেস্ট খেলা অবশ্য একসময় বিরলই ছিল। কারণ, খ্রিষ্টধর্মালম্বীরা বড়দিনকে কেন্দ্র করে লম্বা ছুটির মধ্যে থাকে। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের জন্মের পর বক্সিং ডেতে প্রথমবার খেলা হতে দেখা যায় ১৯১৩ সালে। জোহানেসবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে ২৬ ডিসেম্বর শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বক্সিং ডেতে টেস্ট হয়েছে অস্ট্রেলিয়ায়। আজকের ম্যাচসহ এখন পর্যন্ত সর্বোচ্চ ৫১টি বক্সিং ডে টেস্ট আয়োজন করে সবার ওপরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় প্রথম বক্সিং ডে টেস্ট হয় ১৯২৪ সালে সিডনিতে, আর মেলবোর্নে প্রথমবার হয়েছিল ১৯৫০ সালে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বাইরে বক্সিং ডেতে অনিয়মিতভাবে টেস্ট আয়োজন করে থাকে নিউজিল্যান্ড।
আরটিভি/এসআর




