
ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের লাইভ ধারাভাষ্যে হিন্দিকে ভারতের “জাতীয় ভাষা” বলে উল্লেখ করার কারণে বিতর্কে জড়িয়েছেন ভারতের সাবেক কোচ সঞ্জয় বাঙ্গার। ভাদোদরায় অনুষ্ঠিত ম্যাচে ধারাভাষ্যের সময় তিনি বলেন, দক্ষিণ ভারতের মানুষ আঞ্চলিক ভাষাকে বেশি গুরুত্ব দিলেও হিন্দিই ভারতের জাতীয় ভাষা।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই উল্লেখ করেছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী দেশে কোনো “জাতীয় ভাষা” নেই, বরং হিন্দি ও ইংরেজি কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা। সঞ্জয় বাঙ্গারের এই বক্তব্যকে অনেকে ভুল ও অসাংবেদনশীল হিসেবে নেন।
ধারাভাষ্যের এক পর্যায়ে সাবেক পেসার বরুণ অ্যারনের সঙ্গে ভাষা নিয়ে মজার ছলে কথোপকথনে বাঙ্গার আরও জোর দিয়ে বলেন, তিনি “জাতীয় ভাষা” তেই বেশি বিশ্বাসী, যা বিতর্ককে তীব্রতর করে।
এই ঘটনায় দ্রুত পরিস্থিতি সামাল দিতে উপস্থাপক জতিন সাপ্রু হস্তক্ষেপ করেন এবং আলোচনাটি থেমে যায়, কিন্তু সামাজিক মাধ্যমে বিতর্ক অব্যাহত থাকে।এই ঘটনা ভারতের ভাষাগত বৈচিত্র্য এবং সংবিধানগত বাস্তবতার প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে ভাষাকে কেন্দ্র করে সামান্য ভুলও বড় বিতর্ক সৃষ্টি করতে পারে।
আরটিভি/এসকে




