
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের হাতছানি। তাদের সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। ২০২৬ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই তিন ফুটবলার।
আগামী ২৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১৪টি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত বছর সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর সঙ্গে রয়েছেন ক্লাব সতীর্থ সাদিও মানে ও জোয়াও ফেলিক্স। এ ছাড়া আছেন আল হিলালের রুবেন নেভেস, আল আহলির ইভান টনি ও এদুয়ার্দ মেন্দি, মরক্কোর ইয়াসিন বুনু ও সুফিয়ান রাহিমি এবং মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস। তালিকায় একমাত্র সৌদি ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন আল কাদসিয়াহর মুসাব আল জুয়াইর।
অন্যদিকে সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারের লড়াইয়ে ফিরেছেন লিওনেল মেসি। ২০১৫ সালে এই পুরস্কার জয়ের এক দশকের বেশি সময় পর আবারও মনোনয়ন পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন ও গতবারের বিজয়ী উসমান দেম্বেলে।
এদিকে পিএসজির হয়ে টানা দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাবটির ১৩ জন ফুটবলার বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন। ম্যানচেস্টার সিটি ও নরওয়ের তারকা আর্লিং হালান্ডের নাম রয়েছে দুটি বিভাগে সেরা পুরুষ খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ড।
সেরা মিডফিল্ডার বিভাগের আট মনোনীতের মধ্যেও রয়েছেন তারকা ফুটবলাররা। তাদের মধ্যে উল্লেখযোগ্য রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দে। অন্যদিকে সেরা ডিফেন্ডারের পুরস্কারের দৌড়ে আছেন পাউ কুবার্সি, উইলিয়াম সালিবা ও আশরাফ হাকিমি।
সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পিএসজির লুইস এনরিকে, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনালের মিকেল আরতেতা, কোমোর সেস্ক ফ্যাব্রিগাস ও অ্যাস্টন ভিলার উনাই এমেরি।
গ্লোব সকারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তমাসো বেনদোনি জানিয়েছেন, বিশ্ব ফুটবলের সেরা প্রতিভাদের আবারও সংযুক্ত আরব আমিরাতে স্বাগত জানাতে পেরে তারা সম্মানিত। বিশ্বের বড় বড় তারকার উপস্থিতিতে এবারের আয়োজন উদ্যাপনের অপেক্ষায় রয়েছেন তারা।
এবারের ১৪টি পুরস্কারের মধ্যে ১২টি বিভাগের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। গ্লোব সকারের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। দর্শকদের ভোটে নির্বাচিতরা জায়গা করে নেবেন চূড়ান্ত পর্বে। সেখানে দ্বিতীয় দফায় ভক্তদের ভোটের সঙ্গে যুক্ত হবে গ্লোব সকারের বিচারক প্যানেলের ভোট। এই প্যানেলে রয়েছেন মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস ও লুইস ফিগোর মতো সাবেক তারকা ও ফুটবল ব্যক্তিত্ব।
আরটিভি/এসকে


