
পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’কে তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, আইসিসি ন্যায়পরায়ণভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং ভারতকে খেলাধুলায় রাজনীতি মেশানোর সুযোগ দিচ্ছে। তারা প্রশ্ন তুলেছেন, যদি আইসিসি ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দেশ ভারতকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই সংস্থার গুরুত্বই কোথায়?
এই সমালোচনা কেন্দ্র করেছে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। যা রাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় এবং বিসিসি বিশ্বকাপের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে।
পাকিস্তান তার আগের সিদ্ধান্ত মতো শ্রীলঙ্কাতেই তাদের সব ম্যাচ খেলবে। ভারত-পাকিস্তানকে একে অপরের দেশে সফর করতে না দেওয়ার বিষয়ে গত বছরের এক চুক্তি ইতোমধ্যে রয়েছে।
সাঈদ আজমল আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, ‘আইসিসি ভারতের দিকেই ঝুঁকে আছে। যদি তারা ন্যায্যতা দেখাতে না পারে এবং ভারতকে খেলাধুলায় রাজনীতি মেশানো থেকে না থামাতে পারে, তাহলে তাদের কাজ বন্ধ করে দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, অন্য দেশগুলো যদি পাকিস্তানে খেলতে পারে, তাহলে ভারতের জন্য পাকিস্তানে এসে খেলতে আপত্তি থাকার কথা নয়। ভারতের একতরফা সিদ্ধান্তে পুরো বিশ্বকে জিম্মি করা যায় না।
আবদুল রাজ্জাক আইসিসির অন্য সদস্যদের নীরবতাকেও সমালোচনা করেছেন। তিনি বলেন, ক্রিকেট বিভাজন তৈরি করার জন্য নয়, বরং সেতুবন্ধন গড়ে তোলার জন্য। ভারত পাকিস্তানের সঙ্গে শান্তির সুযোগ নষ্ট করেছে এবং ক্রিকেটের নিয়মের বিরুদ্ধ আচরণ করেছে।
রাজ্জাক বলেন, ক্রিকেটকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা ঠিক নয়, আর সেটাই এখন ভারত করছে।
এই বিতর্কের মাঝে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসকে


