
ভারত–বাংলাদেশের চলমান ক্রীড়া ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই চলতি বছর দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী সেপ্টেম্বরে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সোমবার(১২ জানুয়ারি) বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে তাবিথ জানান, শুধু ঢাকা নয় প্রথমবারের মতো তিনটি ভেন্যুতে সাফ আয়োজনের চিন্তা করছে বাফুফে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটকে পূর্ণাঙ্গ ফুটবল ভেন্যু হিসেবে ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। ভেন্যু দুটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ফুটবলে আমরা কখনো অন্য কোনো বিবেচনা রাখি না। গত নভেম্বরে আমাদের প্রতিবেশী দেশ এখানে খেলতে এসেছে, মার্চে আমরা তাদের দেশে খেলেছি। ফুটবল ফুটবলের মতোই চলবে।
সাফ আয়োজনের মাধ্যমে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা ছড়াতে চান তাবিথ। তিনি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ফুটবলকে ছড়িয়ে দিতে চাই। ঢাকার বাইরে ম্যাচ হলে আগ্রহ বাড়বে, টুর্নামেন্টও জমজমাট হবে। স্বাগতিক হিসেবে আমরা যে ভালো আয়োজন করতে পারি, সেটাও দেখাতে চাই।
বৈঠক শেষে আসিফ নজরুল ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এতে স্বাভাবিকভাবেই সাফ আয়োজন ঘিরে ভারতের অংশগ্রহণ প্রশ্নে আলোচনার সৃষ্টি হয়। সেপ্টেম্বরে সাফ হলে ভারত আদৌ বাংলাদেশে খেলতে আসবে কি না এমন প্রশ্ন উঠলেও ফুটবলকে রাজনীতির ঊর্ধ্বে রাখার কথা জানান বাফুফে সভাপতি।
সাফ আয়োজনের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকলেও বাফুফের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ফুটবল অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হতে পারে।
আরটিভি/এসকে


