
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই অলআউট হয়েছে আজিজুল হাকিম তামিমরা।
সোমবার (২৫ জানুয়ারি) বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাওয়াদ আরবার। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম।
কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়তে না পারা বাংলাদেশ অলআউট হয়েছে অল্প রানেই।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম করেন ২০ রান। এছাড়া কালাম সিদ্দিকী ১০ ও শাহরিয়ার আহমেদ ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।
আরটিভি/এসআর




