পাকিস্তান ‘ভুলবশত’ জানাল বিশ্বকাপে খেলবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:০৩ পিএম


পাকিস্তান ‘ভুলবশত’ জানাল বিশ্বকাপে খেলবে
ছবি: সংগৃহীত

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশকে বাদ দেওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, আইসিসির দ্বিচারী নীতির কারণে তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর, আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

তবে নির্ধারিত সময়ের আগেই বিভ্রান্তি তৈরি করেছে পিসিবির একটি মিডিয়া বিজ্ঞপ্তি। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ‘ভুলবশত’ পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার ইঙ্গিত দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই। একই সঙ্গে উল্লেখ করা হয়, যারা বিশ্বকাপে শ্রীলঙ্কা সফরে যাবে, কেবল তারাই সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে।

মূল বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান ১৫ সদস্যের সেই স্কোয়াড নিয়েই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, যারা পরবর্তীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য সফর করবে।

কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পিসিবি দ্রুতই ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলে। পরে একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বিশ্বকাপ সফরের কোনো উল্লেখ রাখা হয়নি।

আরও পড়ুন

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়,পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ততক্ষণে জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, পাকিস্তান দল ২ ফেব্রুয়ারি কলম্বো পৌঁছাবে এবং দুই দিন পর সিংহলি স্পোর্টস ক্লাবে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ফলে বিশ্বকাপ বয়কট নিয়ে পিসিবির ঘোষণার অপেক্ষায় থাকলেও, তাদের ‘ভুলবশত’ দেওয়া বার্তায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission