ভারতকে হারিয়ে ফাইনালের খুব কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৪২ পিএম


ভারতকে হারিয়ে ফাইনালের খুব কাছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও আলাদা উন্মাদনা। সেই উত্তেজনার মঞ্চেই আবারও জয় তুলে নিল বাংলাদেশ। নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

image

ম্যাচের দুই গোলই আসে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট ঠিকভাবে বুঝতে না পারায় তার হাতে লেগে বল পড়ে যায় গোলপোস্টের সামনে। সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস সহজেই বল জালে জড়ান।

গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৩৯ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্ত দিয়ে করা ক্রসে ভারতের রক্ষণভাগকে ছাপিয়ে যান ফরোয়ার্ড আলপি আক্তার। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ দক্ষতায় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।

image

বিরতির পরও বাংলাদেশের আক্রমণাত্মক খেলা অব্যাহত ছিল। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। অন্যদিকে খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি ভারত। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

image

দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে নেপালকে হারানো ভারত ৩ পয়েন্ট ও -১ গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচেই হারায় এখনো পয়েন্টশূন্য।

আরও পড়ুন

আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তবে যদি ভারত ভুটানকে হারায় এবং বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যায়, পাশাপাশি নেপাল ভুটানের বিপক্ষে জয় পায় তাহলে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত হবে ফাইনালের দুই দল।
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission