সৌদি প্রো লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো না থাকলেও আল নাসর দল জিতেছে গুরুত্বপূর্ণ ১-০ গোলের ম্যাচ। আল রিয়াদের মাঠে এই জয় আসে সাদিও মানের একমাত্র গোলে।
আল নাসরের কোচ জর্জ জেসুস রোনালদো অনুপস্থিতিতে আবদুর রহমান ঘারিবকে সেন্টার ফরোয়ার্ডে খেলিয়েছেন, যেখানে তার পাশে আক্রমণ তৈরি করেছেন জোয়াও ফেলিক্স ও সাদিও মানে। ম্যাচের প্রথমার্ধে আল নাসর দাপট দেখালেও গোল এসেছে বিরতির পাঁচ মিনিট আগে মানের দুর্দান্ত ফিনিশে।
দ্বিতীয়ার্ধে আল রিয়াদ লড়াই করেও গোল করতে পারেনি, যদিও শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করেছিল। ৮৯ মিনিটে এনেস সালির শট আল্পভাগ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আল নাসর জয় ধরে রাখতে পেরেছে।
এই জয় আল নাসরের লিগে টানা পঞ্চম জয় এবং সাময়িকভাবে তাদের শীর্ষস্থানে নিয়ে আসে। তবে নিজেদের পরবর্তী ম্যাচে জয় করে শীর্ষস্থান দখল করে নেয় আল হিলাল।
তবে ম্যাচের বাইরে রোনালদোর অনুপস্থিতি নিয়ে বিতর্ক চলছেই। জানা গেছে, রোনালদো চোটে নয়, বরং ক্লাব ব্যবস্থাপনা ও ট্রান্সফার নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। বিশেষ করে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা নিয়ে অসন্তোষের কারণে এই সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, এই অস্থিরতা কতটা প্রভাব ফেলবে আল নাসরের শিরোপা আকাঙ্ক্ষায়? ক্লাব কি রোনালদোর মতো বড় তারকাদের চাহিদা পূরণে আরও বিনিয়োগ করবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি প্রো লিগে রোনালদোর ভবিষ্যত কি হবে?
আল নাসরের পক্ষে সময়ের সঙ্গে সাথে এসব প্রশ্নের উত্তর পাওয়া খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ রোনালদো ছাড়াই জয় পেলেও তারকা ফুটবলারের অনুপস্থিতি দলকে ভবিষ্যতে কঠিন অবস্থায় ফেলতে পারে।
আরটিভি/এসকে





