ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।

একসময় যাদের পায়ের জাদুতে মুগ্ধ ছিল পুরো ফুটবলবিশ্ব, সময়ের পরিক্রমায় সেই তিন তারকার আন্তর্জাতিক অধ্যায়েও নেমে এসেছে বিদায়ের সুর। পাঁচ মাসের ব্যবধানে তাদের জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা যেন একটি স্বর্ণালি ফুটবল যুগের সমাপ্তির বার্তা দিচ্ছে।

এই তিন তারকার বিদায়ের গল্পে প্রথমেই আসে নেইমারের নাম। ব্রাজিলের জার্সিতে দীর্ঘদিন ধরে আলো ছড়ানো এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলটি ছিল পেনাল্টি থেকে। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই গোল করলেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি তিনি। এরপর ২৮ জুলাই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন ব্রাজিলিয়ান এই তারকা।

এরপর বিদায়ের ঘোষণা আসে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির কাছ থেকে। ৩১ আগস্ট জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। দেশের মাটিতে বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে অ্যাসিস্টের পাশাপাশি পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফলে জাতীয় দলের হয়ে তার শেষ গোলটিও আসে স্পটকিক থেকে।

সবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫ নভেম্বর পর্তুগালের জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানান এই তারকা। পর্তুগালের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলটিও এসেছে পেনাল্টি থেকে, নেশন্স লিগে।

তিনজনের ফুটবলীয় দর্শন ছিল আলাদা। নেইমার পরিচিত ছিলেন তার নান্দনিক ড্রিবলিং ও সৃজনশীলতার জন্য। মেসি বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাস ও গোল করার দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। অন্যদিকে রোনালদো নিজের পরিশ্রম, গোলক্ষুধা, শারীরিক সক্ষমতা ও অদম্য মানসিকতা দিয়ে গড়েছেন অনন্য এক ক্যারিয়ার।

একসময় এই তিন তারকাকে ঘিরেই আবর্তিত হতো ফুটবলবিশ্বের বড় বড় আলোচনা। কে সেরা, কার গোল বেশি, কার শিরোপা বেশি কিংবা কার পায়ের জাদু সবচেয়ে আকর্ষণীয়—এসব বিতর্কে বিভক্ত থাকতেন সমর্থকেরা। এখন সেই বিতর্কের জায়গা নিচ্ছে তাদের রেখে যাওয়া স্মৃতি ও অর্জনের আলোচনা।

তাদের জাতীয় দলকে বিদায় জানানোর মধ্য দিয়ে ফুটবলে একটি বিশেষ সময়ের অবসান ঘটছে। নতুন প্রজন্মের ফুটবলাররা হয়তো ভবিষ্যতে তাদের রেকর্ড ভাঙবেন, নতুন ইতিহাসও গড়বেন। তবে একই সময়ে মেসি, রোনালদো ও নেইমারের মতো তিন তারকার আধিপত্য, জনপ্রিয়তা ও প্রভাবের পুনরাবৃত্তি সহজ হবে না।

ফুটবল চলবে, নতুন তারকার জন্ম হবে, নতুন প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হবে। কিন্তু মেসির বাঁ পায়ের জাদু, রোনালদোর গোল উদ্‌যাপন আর নেইমারের নান্দনিক ড্রিবলিং এই তিন তারকার সম্মিলিত উপস্থিতির স্মৃতি ফুটবলপ্রেমীদের কাছে থেকে যাবে দীর্ঘদিন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
নভেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড কোচ টমাস টুখেল। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুড বেলিংহ্যামের ছোট ভাই জুব বেলিংহ্যাম। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক এবং বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন জুব বেলিংহ্যাম। এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে।  এ ছাড়াও দলে ডাক পেয়েছেন জশ কিংও। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে ফুলহ্যামের মিডফিল্ডে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। প্রিমিয়ার লিগে করা দুটি গোল তাকে দলটির সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়। তবে টুখেলের স্কোয়াডে নেই আগেরবার নাম প্রত্যাহার করা চেলসি ফরোয়ার্ড কোল পালমার, ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ তারকা ফিল ফোডেন ও ইউনাইটেডের তরুণ প্রতিভাবান কোবি মাইনো।  এই মুহূর্তে পালমারের কোনো ইনজুরি সমস্যা নেই, তিনি ফিট বলেও উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে সর্বশেষ ফিফা উইন্ডোর দল থেকে ছোট চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সম্ভবত ভালো লাগেনি ইংলিশ কোচের।  চলতি মৌসুমে ক্লাবের ১১ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে তিনি অবশ্য ফর্মেই ছিলেন। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাইনোও একটি অনির্দিষ্ট চোটের কারণে আগের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।  নভেম্বর উইন্ডোতে ইংল্যান্ডের স্কোয়াড  গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড ও জেসন স্টিল ডিফেন্ডার: এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস ফরোয়ার্ড: হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স আরটিভি/এসআর  
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের খবরে আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। ভক্ত, সাবেক ও বর্তমান ফুটবলারদের পর এবার পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।  নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ফিফা সভাপতি জানান, রোনালদো ক্যারিয়ারে এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব। ইনফান্তিনো বলেন, রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই ভক্তদের হৃদয় ছুঁতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা—এসবই রোনালদোর ক্যারিয়ারের প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি সম্ভবত কখনও করা যাবে না। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন। রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথাও স্মরণ করেছেন ইনফান্তিনো। তার ভাষায়, ধন্যবাদ ক্রিশ্চিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন আপনি। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। আরটিভি/এসআর  
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার
বিশ্বকাপের পর থেকে রীতিমতো উড়ছে রাফিনিয়া। যার পুরস্কারও পেয়েছেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুসারে, ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবের হয়ে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান তারকা। শুক্রবার (৬ নভেম্বর) চুক্তির বিষয়টি দুই পক্ষই নিশ্চিত করেছে। নতুন চুক্তিতে দারুণ খুশি রাফিনিয়া।  ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে ২৯ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘ক্লাবের হয়ে ব্যক্তিগত ও দলীয় যা কিছু অর্জন করেছি, তার কারণেই এখানে থাকতে চাই। আশা করি, আরো অনেক বছর এই ক্লাবে থাকতে পারব। তিনি আরও বলেন, শরীর যত দিন সায় দেবে তত দিন পারফর্ম করে যাব। ক্লাবের জন্য সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আরটিভি/এসআর  
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা