সংকটের অবসান ঘটেছে। নাটকীয়তা শেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে সময়মতোই মাঠে গড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল আলোচিত লড়াই।
বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং সংহতি জানিয়ে পাকিস্তান সরকার এর আগে দলকে ভারতের বিপক্ষে মাঠে নামতে নিষেধ করেছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রত্যাখ্যান করে তাদের বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার পরই এই অচলাবস্থার সৃষ্টি হয়।
তবে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান, বাংলাদেশ, আইসিসি এবং সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠকের পর সোমবার (৯ ফেব্রুয়ারি) অবস্থান পরিবর্তন করে পিসিবি ও পাকিস্তান সরকার।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ইউটার্নের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান নাকভি। পিএসএল নিলাম উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু না বললেও জানান, সিদ্ধান্ত আসন্ন।
পরে এক সাংবাদিকের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে বিষয়টি কার্যত নিশ্চিত করেন নাকভি। তিনি বলেন, নিজেদের জন্য আমরা কিছুই করিনি।
সংবাদ সম্মেলন শেষে কথোপকথনে নাকভি আরও বলেন, আর একটু পরেই সিদ্ধান্ত হয়ে যাবে। সাংবাদিকের প্রশ্ন,ভালো খবর আসছে কি না এর জবাবে তিনি বলেন, আমরা সব সময়ই ভালো খবর দিই।
">twitter-frameMohsin Naqvi Statement on India Vs Pakistan match #PAKvIND #Pakistan pic.twitter.com/Mm523Uldb3
— Ravish Bisht (@ravishbofficial) February 9, 2026
নাকভি জানান, বাংলাদেশের পক্ষ থেকেই ম্যাচটি খেলার অনুরোধ এসেছে। তার ভাষায়, আপনারা নিশ্চয়ই বাংলাদেশের বিবৃতি দেখেছেন। বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে ম্যাচটি খেলতে। স্পষ্টতই তাদের সব বিষয় সমাধান হয়ে গেছে বলেই তারা এই অনুরোধ করেছে।
বাংলাদেশের কাছ থেকে কোনো শর্ত আদায় করা হয়েছে কি না এমন প্রশ্নে নাকভির জবাব ছিল স্পষ্ট। তিনি বলেন, আমরা বাংলাদেশের জন্য অবস্থান নিয়েছিলাম। বিষয়টা তাদেরই ছিল। নিজেদের জন্য আমরা কিছুই করিনি।
দীর্ঘ টানাপোড়েনের অবসানের পর আইসিসিও এক বিবৃতিতে জানায়, এই প্রেক্ষাপটে সব সদস্য দেশ একমত হয়েছে যে, আইসিসি ইভেন্টে অংশগ্রহণের শর্ত অনুযায়ী তারা নিজেদের প্রতিশ্রুতি সম্মান করবে এবং চলমান আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল করতে প্রয়োজনীয় সবকিছু করবে।
এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনার সময় পিসিবি তিনটি দাবি উত্থাপন করেছিল, যার একটি ছিল ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করা। তবে আইসিসি ওই দাবিগুলো প্রত্যাখ্যান করে।
সব মিলিয়ে বাংলাদেশের অনুরোধ, আইসিসির চাপ এবং কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়েই পাকিস্তান বয়কটের অবস্থান থেকে সরে এসে ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। এতে চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি অবশেষে বাস্তবে রূপ পেল।
আরটিভি/এসকে




