ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত মোহামেডান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৭ পিএম


ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত মোহামেডান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষ ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে। চুক্তি অনুযায়ী বিদেশি ফুটবলারদের পাওনা অর্থ পরিশোধ না করায় এর আগে ফিফা মোহামেডানসহ আরও দুই শীর্ষ ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসকে নিষিদ্ধ করেছিল।

বিজ্ঞাপন

মোহামেডান তাদের সাবেক ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহ এর পাওনার আংশিক অর্থ পরিশোধ করায় ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ২০২২–২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলা শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতেই ক্লাবটি শাস্তি পেয়েছিল। নিষেধাজ্ঞার ফলে মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি মোহামেডান। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ট্রান্সফার উইন্ডোতে তাদের নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ছিল না।

নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, আমরা পাঁচ কিস্তিতে ১০ হাজার ডলার করে পরিশোধ করব। ইতোমধ্যে এক মাসের কিস্তি দেওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফিফা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিঠি পেয়েছি।

বিজ্ঞাপন

তবে নিষেধাজ্ঞা উঠলেও চলতি মৌসুমে আর খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না মোহামেডান। কিস্তি অনুযায়ী বাকি অর্থ পরিশোধের অঙ্গীকার করেছে ক্লাবটি। আর্থিক সংকটে থাকা মোহামেডান আগামী চার মাসে প্রতি মাসে ১০ হাজার ডলার করে দিতে পারবে কি না সেটিই এখন বড় প্রশ্ন।

মোহামেডানের নিষেধাজ্ঞা উঠে গেলেও আবাহনী ও বসুন্ধরা কিংস এখনও ফিফার শাস্তির আওতায় রয়েছে। মোহামেডানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফাইল ছিল একটি, আবাহনীর তিনটি এবং বসুন্ধরা কিংসের নামে রয়েছে নয়টি ফাইল। শাস্তি প্রত্যাহারের পর ফিফার পোর্টালে মোহামেডানের নাম আর নেই। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission