বাংলাদেশি ফুটবলার কিউবা মিচেল নিজের জন্মভূমি ইংল্যান্ডে ফিরে গেছেন। বসুন্ধরা কিংসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা শেষে তিনি ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি এই তথ্য জানিয়েছেন।
সান্ডারল্যান্ডের যুব দলে খেলার পর কিউবা গত বছরের জুলাইয়ে বড় স্বপ্নে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দেন। তবে বাংলাদেশের ফুটবল লিগে তার সময় মোটেই সুখকর হয়নি। বেশির ভাগ সময় তিনি বেঞ্চে বসে ছিলেন এবং পারিশ্রমিকও ঠিকমতো পাননি। এর ফলে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেন তিনি।
গ্লুস্টার সিটির সঙ্গে চুক্তি নিয়ে কিউবা বলেন, ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমি মাঠে নিজের সামর্থ্য দেখাতে এবং নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।
জ্যামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে। সেই ম্যাচে তিনি প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেছিলেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর জয়ী ম্যাচেও খেলেছেন তিনি।
সপ্তম স্তরের সাউদার্ন লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলা গ্লুস্টার এই মৌসুমে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। কিউবা সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন এবং নিজেকে সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখেন। প্রয়োজনে তিনি রক্ষণাত্মক ভূমিকাও পালন করতে পারেন। কিউবা এখন মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরটিভি/এসকে




