
নভেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড কোচ টমাস টুখেল। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুড বেলিংহ্যামের ছোট ভাই জুব বেলিংহ্যাম।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক এবং বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন জুব বেলিংহ্যাম। এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে।
এ ছাড়াও দলে ডাক পেয়েছেন জশ কিংও। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে ফুলহ্যামের মিডফিল্ডে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। প্রিমিয়ার লিগে করা দুটি গোল তাকে দলটির সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়।
তবে টুখেলের স্কোয়াডে নেই আগেরবার নাম প্রত্যাহার করা চেলসি ফরোয়ার্ড কোল পালমার, ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ তারকা ফিল ফোডেন ও ইউনাইটেডের তরুণ প্রতিভাবান কোবি মাইনো।
এই মুহূর্তে পালমারের কোনো ইনজুরি সমস্যা নেই, তিনি ফিট বলেও উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে সর্বশেষ ফিফা উইন্ডোর দল থেকে ছোট চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সম্ভবত ভালো লাগেনি ইংলিশ কোচের।
চলতি মৌসুমে ক্লাবের ১১ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে তিনি অবশ্য ফর্মেই ছিলেন। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাইনোও একটি অনির্দিষ্ট চোটের কারণে আগের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
নভেম্বর উইন্ডোতে ইংল্যান্ডের স্কোয়াড
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড ও জেসন স্টিল
ডিফেন্ডার: এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস
ফরোয়ার্ড: হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স
আরটিভি/এসআর




