চলতি মাসেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রেনান ও ডেক্লান সুলিভান। সম্পর্কে তারা যমজ দুই ভাই। জাতীয় দলে জায়গা না পেলেও অনূর্ধ্ব-২০ দলে ডাকা হচ্ছে তাদের।
দীর্ঘ কয়েক মাসের যোগাযোগ ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, আমি আগে উল্লেখ করেছিলাম যে আমরা পাঁচজন প্রবাসী খেলোয়াড় নিয়ে কাজ করছি। প্রতিটি ধাপ শেষ হওয়ার সাথে সাথে আমরা আপডেট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সুলিভান ভাইদের ক্ষেত্রে প্রধান ধাপগুলো সম্পন্ন হয়েছে।
ফাহাদ করিম নিশ্চিত করেন যে, দুই ভাইয়ের জন্মসনদসহ সব কাগজ নেয়া হয়েছে এবং পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এখন শুধু নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আবেদনের আনুষ্ঠানিকতা বাকি।
তিনি আরও বলেন, চলতি সপ্তাহেই তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। আবেদন জমা দেওয়ার পর আমরা আশাবাদী তারা দ্রুতই পাসপোর্ট হাতে পাবেন।
যুক্তরাষ্ট্রের সুলিভান পরিবারকে বলা চলে ফুটবলার তৈরির কারখানা। এই পরিবারের বড় দুই ছেলে কুইন ও কাভান সুলিভান এরই মধ্যে ফুটবলার হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কুইন খেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও।
আর কাভানকে বিবেচনা করা হচ্ছে ফুটবল বিশ্বের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে। ম্যানচেস্টার সিটির মতো ক্লাব তার পেছনে বিনিয়োগ করেছে। কুইনের মতো তার সামনেও যুক্তরাষ্ট্র দলের দরজা খোলা আছে, এমনকি সুযোগ পেতে পারেন জার্মানির হয়ে খেলারও।
তবে, তাদের ছোট দুই যমজ ভাই রেনান ও ডেক্লান বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করলে বাফুফে তাদের নিয়ে কাজ শুরু করে।
ফাহাদ করিম বলেন, সব ঠিক থাকলে তারা আগামী ১৪ বা ১৫ মার্চ ঢাকায় আসবে। এ বছরের প্রথম যুব প্রতিযোগিতা হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, এবং আমার বিশ্বাস দুই ভাই সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এই দুই ভাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তাদের মায়ের সূত্রে। তাদের নানি বাংলাদেশি এবং নানা জার্মান বংশোদ্ভূত। সে হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জার্মানি তিন দেশের হয়েই খেলার সুযোগ আছে তাদের।
আরটিভি/এসআর





