চলমান আইপিএলে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস টানা জয় দিয়ে শুরু করেছে। সেই সাথে অধিনায়ককে চিন্তায় ফেলেছে নিয়ম ভঙ্গের কারণে আর্থিক শাস্তি।
দল দুর্দান্ত ফর্মে থাকলেও, শ্রেয়াস আইয়ারকে স্লো ওভার রেটের কারণে পরপর দুই ম্যাচে জরিমানা করা হয়েছে। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স এর বিপক্ষে মন্থর বোলিংয়ের জন্য ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একই অপরাধের জন্য এবার ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
আইপিএলের নিয়ম ২.২২ অনুযায়ী এই শাস্তি ঘোষণা করা হয়েছে। তবে শুধু অধিনায়ক নন, দলের ১১ ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশু আর্যকেও জরিমানা করা হয়েছে। অধিনায়ক ছাড়া প্রত্যেককে ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ (যে ক্ষেত্রে অর্থের পরিমাণ কম) জরিমানা করা হয়েছে।
২০২৪ সালের নিয়ম অনুযায়ী তিনটি ম্যাচে মন্থর বোলিং করলে অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতো। কিন্তু ২০২৫ সাল থেকে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন আর ম্যাচ নিষিদ্ধ না করে অর্থদণ্ড এবং মাঠে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।
আইপিএলের গভর্নিং কাউন্সিল আইসিসির কোড অফ কনডাক্টের সঙ্গে নিয়ম যুক্ত করেছে। একই ধরনের অপরাধ বার বার করলে শ্রেয়াস আইয়ার ডিমেরিট পয়েন্ট পাবেন, যা ৩৬ মাস বা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। এই ডিমেরিট পয়েন্টের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধও হতে পারেন।
আরটিভি/এসকে




