ইংল্যান্ডের প্রভাবশালী ও বিতর্কিত ব্যাটসম্যান কেভিন পিটারসেন আবারও আলোচনায় এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার আকস্মিক বিদায়ের পেছনের কারণ নিয়ে তিনি সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন।
এক সাক্ষাৎকারে পিটারসেন জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার আগ্রহ এবং এর কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর সঙ্গে দ্বন্দ্বই তার আন্তর্জাতিক ক্যারিয়ার অকালেই শেষ করেছে।
পিটারসেন বলেন, আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আইপিএলে খেলার কারণে আমার ক্যারিয়ার হারিয়েছি। তখনকার প্রশাসন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
২০১৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলা এই ডানহাতি ব্যাটার ১০৪ টেস্টে ৮,১৮১ রান করেন। তিনি মনে করেন, আমার আরও ৫০-৬০টি টেস্ট খেলা উচিত ছিল। তাহলে ১২-১৩ হাজার রান করা সম্ভব ছিল।
পিটারসেনের আইপিএল যাত্রা ২০০৯ সালে শুরু হয়, যখন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলেন। ২০০৮ সালের প্রথম আইপিএলে ইসিবি বাধার কারণে কোনো ইংলিশ ক্রিকেটার অংশ নিতে পারেননি। এরপর থেকে বোর্ডের সঙ্গে পিটারসেনের সম্পর্ক অবনতির দিকে ধাবিত হয়।
আরটিভি/এসকে



