প্রথম বাংলাদেশি পেসার হিসেবে যে রেকর্ড গড়লেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:৫১ পিএম


প্রথম বাংলাদেশি পেসার হিসেবে যে রেকর্ড গড়লেন নাহিদ রানা
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। নাটকীয় এই জয়ের নেপথ্যে বড় অবদান রেখেছেন বোলাররা, যাদের মধ্যে গতির ঝড় তুলে অনন্য ছিলেন নাহিদ রানা। এই ডানহাতি পেসার একাই চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের ৫ উইকেট শিকার করেছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ১৬ বছরের খরা কাটানোর পাশাপাশি  প্রথম বাংলাদেশি পেসার হিসেবে একটি নতুন রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

ইনিংসে মাত্র ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট পান নাহিদ রানা। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে ৫ উইকেট (ফাইফার) নেওয়ার গৌরব অর্জন করলেন তিনি। এর আগে আর কোনো বাংলাদেশি পেসার ম্যাচের শেষ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি।

আরও পড়ুন

এতদিন টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার ছিল তাসকিন আহমেদের। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেও ৪ উইকেট শিকার করেছিলেন তাসকিন। নাহিদ ও তাসকিন ছাড়া আরও একজন পেসার চতুর্থ ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন; ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সেই কৃতিত্ব দেখিয়েছিলেন জিয়াউর রহমান।

রেকর্ড গড়া এই বোলিংয়ের মাধ্যমে নাহিদ দেশের মাটিতে দীর্ঘ ১৬ বছরের একটি আক্ষেপও মিটিয়েছেন। ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ৭১ রানে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। এরপর আর কোনো বাংলাদেশি পেসার দেশের মাটিতে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট পাননি। ১৬ বছর পর সেই আক্ষেপের ইতি টানলেন তরুণ তুর্কি নাহিদ রানা।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission