
ব্যাট হাতে মাঠে নামলেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে ভারতের ওপেনার অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দেন অভিষেক। কিউই পেসার ম্যাট হেনরির করা ইনিংসের প্রথম বলটিকেই কভার অঞ্চলের ওপর দিয়ে সীমানাছাড়া করেন তিনি। এই ছক্কার সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে সপ্তমবারের মতো ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন অভিষেক।
এর মধ্য দিয়ে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে পেছনে ফেলে এই তালিকার শীর্ষে এককভাবে জায়গা করে নেন ভারতীয় ওপেনার। শিনওয়ারির নামের পাশে রয়েছে ছয়টি ছক্কা। তালিকায় পাঁচটি ছক্কা নিয়ে পরের অবস্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।
তবে নতুন বিশ্বরেকর্ড গড়লেও ইনিংসটি বড় করতে পারেননি অভিষেক। মাত্র ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২৪১.৬৭ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা মারেন ভারতের এই বিধ্বংসী ওপেনার।
আরটিভি/এসকে



