ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার বা শতকোটিপতি ক্রীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েছেন দেশটির ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ২০২৬ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এ এই তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্মিলিত সম্পদের পরিমাণ বর্তমানে ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ব্রিটিশ ক্রীড়াবিদদের মধ্যে সম্পদের দিক থেকে বর্তমানে তাদের অবস্থান দ্বিতীয়। এই তালিকার শীর্ষে রয়েছে সাবেক ফর্মুলা ওয়ান প্রধান বার্নি একলেস্টোনের পরিবার, যাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ বিলিয়ন পাউন্ড।

তালিকায় অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে উত্তর আয়ারল্যান্ডের গলফ তারকা রোরি ম্যাকিলরয় সপ্তম স্থানে রয়েছেন। টানা দ্বিতীয়বার মাস্টার্স শিরোপা জেতার পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫ মিলিয়ন পাউন্ড।

আরও পড়ুন

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‍্যাটক্লিফ যুক্তরাজ্যের সামগ্রিক ধনীদের তালিকায় কিছুটা পিছিয়ে গেছেন। তার অবস্থান সপ্তম থেকে নবম স্থানে নেমে এসেছে। এক বছরে তার সম্পদ ১ দশমিক ৮৫ বিলিয়ন পাউন্ড কমে বর্তমানে ১৫ দশমিক ১৯৪ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কিংবদন্তি মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম দেশের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান ও প্যারিস সেন্ত জার্মেইর মতো নামী ক্লাবগুলোতে মাঠ মাতিয়েছেন। ফুটবল থেকে ২০১৩ সালে অবসর নিলেও ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও বিজ্ঞাপনী দূতিয়ালির মাধ্যমে নিজের সম্পদ বহুগুণ বাড়িয়েছেন তিনি।

উল্লেখ্য, ফুটবলে বিশেষ অবদানের জন্য ২০০৩ সালেই ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক পদবি ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) পেয়েছিলেন এই ফুটবল তারকা। লন্ডনের ফ্যাশন জগত থেকে শুরু করে আমেরিকার ফুটবল লিগ—সবখানেই বেকহ্যাম দম্পতির পদচারণা এখন ঈর্ষণীয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।  এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। বিসিবির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরেন।  সম্ভাব্য সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে সিরিজটি। বিষয়টি নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবালও।  তিনি বলেন, আমরা একটা সময় নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে। তবে সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের সরকারের সম্মতিও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আগেও দুইবার পিছিয়েছে ভারতীয় দলের বাংলাদেশ সফর। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনা ইতিবাচকভাবে এগোলেও শেষ পর্যন্ত সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে সফরটি। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই। এর আগে গত বছরের আগস্টে এবং চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি নির্ধারিত হয়েছিল। দুই দফায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজ মাঠে গড়ায়নি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট জটিলতায় সফরটি পিছিয়ে যায়। এবার অবশ্য নতুন করে আশার আলো দেখছে বিসিবি। সর্বশেষ ভার্চ্যুয়াল বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে। এখন সরকারের সম্মতি মিললে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল। আরটিভি/এসআর
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!
শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। ২৯ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন। যিনি সম্প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়।  জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই ২৯ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়ার ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান (নয়ন)। এছাড়া ৬ জন সহ-সভাপতি পদে রয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জি: জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক। যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো: নূরুল ইসলাম খান নাঈম এবং কোষাধ্যক্ষ হিসেবে স্থান পেয়েছেন রনি দাস। ১৮ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়রা অন্তর্ভুক্ত আছেন। নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে সভাপতি হাবিব উল্ল্যাহ ডন জানান, দেশের বডিবিল্ডিং অঙ্গনের মানোন্নয়ন এবং শরীরগঠন চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।  তিনি বলেন, ‘বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।’ প্রতিযোগিতার মাধ্যমে অ্যাথলেটদের পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  এ প্রসঙ্গে তিনি যোগ করেন, যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব। আরটিভি/এসআর
শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তবে যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট কখনই প্রকাশ করা হবে না। এটা হাইকোর্টের রায়ের পরিপন্থী হবে ও ভিকটিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই করা হবে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।  বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে। এরপর অনেকটা গোপনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল। সেই শুনানিতেই নারীদের যৌন হয়রানির পুরো প্রতিবেদন তুলে ধরে বিসিবি। বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান বিসিবির আইনজীবী। তবে এই প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, এমন প্রশ্নে বিসিবির আইনজীবী বললেন, এটি প্রকাশ্যে কখনই আসবে না। কারণ এটিতে গোপনীয়তার নীতিমালা ভঙ্গ হবে। হাইকোর্টের নির্দেশনা ভিকটিমদের পরিচয় প্রকাশ করা যাবে না। সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার ভিত্তিতেই যৌন নির্যাতন প্রতিরোধে এরই মধ্যে বিসিবি কমিটি গঠন করেছে বলেও জানান বিসিবির এই আইনজীবী। আরটিভি/এসআর
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
চ্যাম্পিয়নস লিগ / এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলাকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচের শুরুতেই গোল করে এমবাপ্পের রেকর্ড ভেঙে দিয়েছেন লামিন ইয়ামাল। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ন্যু ক্যাম্পে সপ্তম মিনিটে গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিশোর হয়েছেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকোর জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। ১৩ গোল করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপ্পে ৭২ গোল করেছেন।  তবে ১৯ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে ১৪তম গোল করেছেন। ইয়ামালের ১৪ গোল হয়েছে মাত্র ৩৭ ম্যাচে। এই সময়ে তিনি চ্যাম্পিয়নস লিগে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন।  চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। পোর্তোর বিপক্ষে পূর্ণ ইউরোপিয়ান অভিষেক হয়েছিল তার মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও এই স্পেন তারকার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সেমিফাইনালে করেছেন গোল। তাছাড়া ১৮তম (৫) ও ১৯তম (১১) জন্মদিনের আগে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ও তিনি। তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন তিনি। এই বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তার সেই রেকর্ড ভেঙে দেন।  ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন ও এমবাপ্পের পর তৃতীয় হয়ে শেষ করা ইয়ামাল নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছেন। সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচ খেলে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট তার। আরটিভি/এসআর
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে মনোবলে বড় ধাক্কাই লেগেছিল বার্সেলোনার। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। ঘরের মাঠে অ্যাস্টোন ভিলা রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।  মঙ্গলবার (৪ নভেম্বর) ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া।  এদিন সপ্তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় সফরকারীরা। গোল কিক থেকে মারাত্মক ভুলে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, ১২ গজ দূর থেকে তিনি কোনাকুনি শটে গোল করেন। ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে গোল করতে পারতো তারা। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়।  পরেরটিতে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো দারুণভাবে ব্লক করেন তার শট। ভিলা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বার্সার অর্ধে আক্রমণ করে।  ১৯তম মিনিটে সমতা ফেরানোর কাছে ছিল। নিকোলাস জ্যাকসন ডানপ্রান্ত দিয়ে এগিয়ে বল বাড়ান। জোহান মানজাম্বি গোলবারের পাশ দিয়ে বল মারেন। জ্যাকসনকে আবারও হতাশ হতে হয়। তাকে শুধু জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেই হতো।  কিন্তু বার্সা কিপার এগিয়ে এসে পা দিয়ে ট্যাকল করে বল বিপদমুক্ত করেন। মানজাম্বি বক্সে ঢুকলে আবারও ভিলা হুমকি তৈরি করে, কিন্তু গার্সিয়া তা রুখে দেন। এত এত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে অতিথি দলকে।  ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ফারমিন লোপেজ বক্সের প্রান্তে রাফিনিয়াকে বল দেন এবং তার শট পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পাল্টে গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। ১২ মিনিট পর আসে তৃতীয় গোল। কানসেলো জন ম্যাকগিনকে কাটিয়ে রাফিনিয়াকে বল দেন, ছয় গজ দূর থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৯ গোল হলো তার। লিওন গোরেৎকার একটি চমৎকার হেড গোলপোস্টে লাগলে ভিলার স্কোরশিটে নাম লেখা হয়নি। তারপর বোবাকার কামারাকে ভুল পাস দিয়ে বিপদে পড়েন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি। ফিরতি শটে ফারমিনকে রুখে দেন তিনি।  চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ কিশোর গোলদাতা হওয়া ইয়ামাল পরে দুটি শট নিলেও গোলবারের পাশ দিয়ে মারেন। চার ম্যাচে ভিলার সমান ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। শীর্ষ দল পিএসজির (১২) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। আরটিভি/এসআর
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
আরও পড়ুন
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের শুল্কসুবিধা কাজে লাগিয়ে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি