
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৮ অক্টোবর উইন্ডহোকে মুখোমুখি হবে ইংলিশদের।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তিন দল নিয়ে উইন্ডহোকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।
প্রথম ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল।
প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা করে নেবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও যাবে পরের পর্বে।
সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক
১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি
১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান
১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ-ডারবান
২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে
আরটিভি/এসআর


