২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে তিনি এখন ব্যবহার করছেন নাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত একটি বিশেষ পুনর্বাসন যন্ত্র, ‘অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল’।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ ট্রেডমিল শরীরের ওজন আংশিকভাবে কমিয়ে দেয়, ফলে দৌড়ানোর সময় ইনজুরিগ্রস্ত স্থানে চাপ অনেক কম পড়ে।শনিবার(৬জুন) নেইমার এই যন্ত্রে হালকা অনুশীলনও করেছেন।
এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে অ্যাথলেটদের পুনর্বাসনে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্রাজিলের কয়েকটি ক্লাব ইতোমধ্যে তাদের মেডিকেল ইউনিটে এটি যুক্ত করেছে।
বর্তমানে নেইমারের ফিটনেস যাচাইয়ে ইমেজিং পরীক্ষা চলছে। এর ফলাফলের ওপর নির্ভর করছে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা এবং বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা।
ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের বিষয়ে তারা আশাবাদী হলেও মরক্কোর বিপক্ষে ১৩ জুনের উদ্বোধনী ম্যাচে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত। চিকিৎসকরা অনুমতি দিলে ধাপে ধাপে বল নিয়ে অনুশীলনে ফিরবেন এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা) মিশনের আগে নেইমারের ফিটনেস ঘিরে এখন পুরো ফুটবল বিশ্বের নজর মেডিকেল রিপোর্টের দিকে।
আরটিভি/এসকে



