ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: সংগৃহীত

টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।

নাদালকে পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য ক্লাবের সদস্যদের কাছে উপস্থাপন করা হবে। রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির পরিচালনা পর্ষদ এ নিয়োগের প্রস্তাব ‘ডেলিগেটেড মেম্বারস’-এর সাধারণ সভায় তোলার সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘নাদালের মতো ক্রীড়াপ্রেমী ও উচ্চ মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তিত্বের পরিচালনা পর্ষদে যোগ দেওয়া ক্লাব এবং এর সমর্থকদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

নাদালের বর্ণাঢ্য ক্রীড়া ক্যারিয়ার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেছে স্প্যানিশ জায়ান্টরা। ৯২টি একক শিরোপা, দুটি অলিম্পিক স্বর্ণপদক এবং স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ জয়ের কীর্তি রয়েছে তার। দীর্ঘ সময় টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখলে রেখেছিলেন এই কিংবদন্তি। বিনয়, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়গুলোকে রিয়াল মাদ্রিদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে, রিয়ালের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন ৪০ বছর বয়সী নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। শিখতে এবং নিজের সাধ্যমতো অবদান রাখতে মুখিয়ে আছি।’

২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন নাদাল। এরপর থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা চলছে। এমনকি একসময় ক্লাবটির সভাপতি পদেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গত জুনে আরও চার বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাবটির নেতৃত্বে রয়েছেন তিনি।

উল্লেখ্য, নাদালের চাচা মিগুয়েল অ্যাঞ্জেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে খেললেও ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের সমর্থক নাদাল। টেনিস থেকে অবসর নেওয়ার পরও ব্যস্ত সময় কাটছে তার। এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভ্রমণ, বিভিন্ন কাজ ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে খুব কম সময়ই বাড়িতে থাকা হয় তার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
নভেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড কোচ টমাস টুখেল। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুড বেলিংহ্যামের ছোট ভাই জুব বেলিংহ্যাম। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক এবং বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন জুব বেলিংহ্যাম। এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে।  এ ছাড়াও দলে ডাক পেয়েছেন জশ কিংও। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে ফুলহ্যামের মিডফিল্ডে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। প্রিমিয়ার লিগে করা দুটি গোল তাকে দলটির সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়। তবে টুখেলের স্কোয়াডে নেই আগেরবার নাম প্রত্যাহার করা চেলসি ফরোয়ার্ড কোল পালমার, ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ তারকা ফিল ফোডেন ও ইউনাইটেডের তরুণ প্রতিভাবান কোবি মাইনো।  এই মুহূর্তে পালমারের কোনো ইনজুরি সমস্যা নেই, তিনি ফিট বলেও উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে সর্বশেষ ফিফা উইন্ডোর দল থেকে ছোট চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সম্ভবত ভালো লাগেনি ইংলিশ কোচের।  চলতি মৌসুমে ক্লাবের ১১ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে তিনি অবশ্য ফর্মেই ছিলেন। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাইনোও একটি অনির্দিষ্ট চোটের কারণে আগের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।  নভেম্বর উইন্ডোতে ইংল্যান্ডের স্কোয়াড  গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড ও জেসন স্টিল ডিফেন্ডার: এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস ফরোয়ার্ড: হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স আরটিভি/এসআর  
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের খবরে আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। ভক্ত, সাবেক ও বর্তমান ফুটবলারদের পর এবার পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।  নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ফিফা সভাপতি জানান, রোনালদো ক্যারিয়ারে এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব। ইনফান্তিনো বলেন, রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই ভক্তদের হৃদয় ছুঁতে পেরেছেন। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা—এসবই রোনালদোর ক্যারিয়ারের প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যার পুনরাবৃত্তি সম্ভবত কখনও করা যাবে না। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পর্তুগালের আশা ও গৌরব বহন করেছেন। রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথাও স্মরণ করেছেন ইনফান্তিনো। তার ভাষায়, ধন্যবাদ ক্রিশ্চিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে পর্তুগালের জাতীয় দলের জার্সি পরেছেন আপনি। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। আরটিভি/এসআর  
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার
বিশ্বকাপের পর থেকে রীতিমতো উড়ছে রাফিনিয়া। যার পুরস্কারও পেয়েছেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুসারে, ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবের হয়ে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান তারকা। শুক্রবার (৬ নভেম্বর) চুক্তির বিষয়টি দুই পক্ষই নিশ্চিত করেছে। নতুন চুক্তিতে দারুণ খুশি রাফিনিয়া।  ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে ২৯ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘ক্লাবের হয়ে ব্যক্তিগত ও দলীয় যা কিছু অর্জন করেছি, তার কারণেই এখানে থাকতে চাই। আশা করি, আরো অনেক বছর এই ক্লাবে থাকতে পারব। তিনি আরও বলেন, শরীর যত দিন সায় দেবে তত দিন পারফর্ম করে যাব। ক্লাবের জন্য সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আরটিভি/এসআর  
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার
পর্ন তারকাকে ‘শুভেচ্ছাদূত’ করায় তোপের মুখে হামজার সাবেক ক্লাব
অনলাইন জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান ও লেস্টার সিটির জার্সির মূল স্পন্সর ‘বিসি ডট গেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পেয়েছেন রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি। আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে লেস্টার সিটির সমর্থকদের ‘ফক্সেস ট্রাস্ট’। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে ইভা এলফিকে এক ডেলিভারিম্যানের সামনে আবেদনময় ভঙ্গিতে হাজির হতে দেখা যায়।  সমর্থক গোষ্ঠীর মতে, এই ধরনের বিতর্কিত প্রচারণার সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে যুক্ত করে লেস্টার সিটি তাদের ঐতিহ্যবাহী ‘পারিবারিক ও সুশৃঙ্খল ক্লাব’-এর ভাবমূর্তি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। কারাসাও ভিত্তিক এই অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে কোনো বৈধ অপারেটিং লাইসেন্স নেই। লেস্টার সিটির সমর্থক গোষ্ঠী শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিল। এক বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ কেবল একটি জুয়া কম্পানির সঙ্গেই হাত মেলায়নি, বরং এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে যার যুক্তরাজ্যে কোনো লাইসেন্স নেই, যাদের অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়। আর এখন তার সঙ্গে যুক্ত করা হলো এমন একজনকে যিনি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, জুয়া এবং পর্নোগ্রাফি—উভয়ই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের জীবনে মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। এই ধরনের অংশীদারি সেই দুই জগতকে আরো বড় দর্শকদের সামনে নিয়ে আসছে এবং ক্লাবের নামের সঙ্গে তাদের যুক্ত করছে। আমরা কি সত্যিই এখন এমন ক্লাব হতে যাচ্ছি?  ‘আমাদের মৌসুম শেষের সমীক্ষায় দেখা গেছে ৭৩ শতাংশ সমর্থক এই স্পন্সরশিপ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন, যেখানে মাত্র ৫ শতাংশ সমর্থক সন্তুষ্ট ছিলেন। ভক্তদের প্রতি আমাদের আহ্বান থাকবে, জার্সিতে ওই প্রতিষ্ঠানের লোগো ছাড়া সংস্করণটিই যেন তারা ক্রয় করেন।’ উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ‘কোলিশন টু এন্ড গ্যাম্বলিং অ্যাডস’ লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল এবং যুক্তরাজ্যের জুয়া নিয়ন্ত্রণকারী সংস্থা ‘গ্যাম্বলিং কমিশন’-কে জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানটির প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তাদের দাবি ছিল, ‘বিসি ডট গেম’ যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত না হলেও খুব সহজেই তাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করা সম্ভব হচ্ছে। বিতর্ক বাড়তেই লেস্টার সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের প্রধান পার্টনারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা ক্লাব অনুধাবন করছে। আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছি এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি। আরটিভি/এসআর  
পর্ন তারকাকে ‘শুভেচ্ছাদূত’ করায় তোপের মুখে হামজার সাবেক ক্লাব
ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এদিন ঘরের মাঠে অনেকগুলো সুযোগ মিস করলেও ইব্রাহিমের গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে সাফে শুভসূচনা হলো লাল-সবুজের প্রতিনিধিদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা নিয়েই বিরতিতে যেতে হয়েছে টমাস ডুলির শিষ্যদের। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো একটি আক্রমণ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রস বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই বিপদমুক্ত করেন ভুটানের ডিফেন্ডাররা।  ফিরতি বলে জামাল ভূঁইয়ার জোরালো শটও আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে। ১৮তম মিনিটে আবারও সুযোগ তৈরি হয় বাংলাদেশের। রাকিবের ক্রস থেকে হেড নিয়েছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। সাত মিনিট পর আরও একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। প্রায় ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বাংলাদেশের এই ফুটবলার। ৩৯তম মিনিটেও গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। সামনে শুধু ভুটানের গোলরক্ষক থাকলেও কোনাকুনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। ফলে আবারও হতাশ হতে হয় বাংলাদেশের সমর্থকদের। পরের মিনিটেই প্রথমবার বাংলাদেশের গোলমুখে শট নেয় ভুটান। তবে সহজেই বল ধরে ফেলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বিরতির আগে ৪৪তম মিনিটে আরও একটি সুযোগ পায় বাংলাদেশ। জামালের ফ্রি কিক থেকে হেডে বল বাড়িয়েছিলেন শমিত সোম। কিন্তু গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউই বলের নাগাল পাননি। ফলে প্রথমার্ধের শেষ মুহূর্তেও গোলের অপেক্ষা শেষ হয়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে বদলি ফুটবলার হিসেবে নামেন ইব্রাহিম। চার মিনিটের মধ্যে বাংলাদেশকে লিড এনে দেন এই ফরোয়ার্ড। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে দুই দফা হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। গ্যালারিতে সবাই উল্লাসে মেতে উঠে। এরপর গোল শোধ করতে সফরকারীরা মরিয়া হয়ে উঠলেও চাপ সামলে পাল্টা আক্রমণ করেছে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। আরটিভি/এসআর  
ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান