ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা আর্মি স্টেডিয়ামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি অনুবিভাগের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
কূটনৈতিক কোরের টিমের পক্ষ থেকে ব্রুনাই দারুসসালাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, মালয়েশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সুইডেন এবং ভিয়েতনাম দূতাবাসের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাবেক জাতীয় ফুটবলার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে অংশগ্রহণকারীরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা তুলে ধরেন। খেলা শেষে অংশগ্রহণকারী কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে স্মারক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরটিভি/এসআর



