নেইমারের ফেরা নিয়ে ফের শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৪১ এএম


নেইমারের ফেরা নিয়ে ফের শঙ্কা
ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। চলতি সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা থাকলেও নতুন করে চোটের পরীক্ষা-নিরীক্ষার কারণে মাঠে নামতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে সুখবর দিয়েছেন তিনি। বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নিজেদের পঞ্চম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছেন নেইমার।

সোমবার(১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে নেইমার ও ব্রুনা জানান, তারা নতুন সন্তানের অপেক্ষায় রয়েছেন। জানা গেছে, তাদের ঘরে আরও একটি কন্যাসন্তান আসতে যাচ্ছে। বর্তমানে নেইমারের সন্তানদের মধ্যে রয়েছে ছেলে ডেভি লুকা এবং কন্যা মাভি, হেলেনা ও মেল।

এদিকে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার ব্রাজিল দলের অনুশীলনে ফেরার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের মাংসপেশির চোটের অবস্থা পর্যালোচনার জন্য নতুন পরীক্ষা করা হয়েছে। তবে সেই পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোট পান নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চতুর্থ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে জাতীয় দলের সঙ্গে থাকলেও এখনও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি। 

আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে বেঞ্চেই ছিলেন নেইমার। ব্রাজিল কোচ আনচেলত্তি আশা করেছিলেন হাইতি ম্যাচের আগে তিনি পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরবেন। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দলের মেডিক্যাল স্টাফরা আশা করছেন নকআউট পর্বে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে মাঠে না নামলেও ডাগআউটে থেকে দলের সঙ্গে সক্রিয় ছিলেন নেইমার। ম্যাচ চলাকালে তাকে দেখা যায় আমেরিকান র‌্যাপার ট্রাভিস স্কট এবং সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্রাডিকে। হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কৌশলগত আলোচনাতেও অংশ নেন তিনি। পরে ভিনিসিয়ুস জুনিয়রের সমতাসূচক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। 

আরও পড়ুন

ব্যক্তিগত জীবনে নেইমারের প্রথম সন্তান ডেভি লুকার জন্ম হয় সাবেক সঙ্গী কারোল দান্তোসের সঙ্গে সম্পর্কের সময়। পরে ব্রুনা বিয়ানকার্দির গর্ভে জন্ম নেয় মাভি। এছাড়া ব্রাজিলিয়ান মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে সম্পর্কের ফলে জন্ম নেয় কন্যা হেলেনা। সর্বশেষ ২০২৫ সালের ৫ জুলাই নেইমার ও ব্রুনার ঘরে আসে কন্যাসন্তান মেল। এবার সেই পরিবারে যোগ হতে যাচ্ছে আরও এক নতুন সদস্য।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission