খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষোভ কোচ-অধিনায়কের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০২:৫৪ পিএম


খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষোভ কোচ-অধিনায়কের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করেই নতুন বিতর্কের মুখে পড়েছে ইরান ফুটবল দল। রাজনৈতিক ও ভিসা-সংক্রান্ত নানা জটিলতার মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া দলটিকে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময় সোমবার(১৫ জুন) সকালে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করে ইরান। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও লড়াই করে সমতা ফিরিয়ে আনে মধ্যপ্রাচ্যের দেশটি।

তবে মাঠের লড়াই শেষ হতেই শুরু হয় নতুন ভোগান্তি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচ শেষে ক্যালিফোর্নিয়ায় রাত কাটানোর কথা ছিল ইরানি ফুটবলারদের। কিন্তু আকস্মিক নির্দেশে তাদের সেদিন রাতেই মেক্সিকোর টিজুয়ানা ক্যাম্পে ফিরে যেতে হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। তিনি বলেন, তারা আমাদের রিকভারির সময়টুকুও দিল না। ম্যাচ শেষ হতেই জানানো হলো, এখনই দেশ ছাড়তে হবে। খেলোয়াড়দের জন্য ম্যাচ-পরবর্তী বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জোর করে বিমানে তুলে ১৪০ মাইল দূরের টিজুয়ানায় পাঠানো হচ্ছে। এই আচরণে আমরা সত্যিই হতাশ ও বিপর্যস্ত।

ঘালেনোই আরও বলেন, কেন আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, তা আমরা জানি না। বিষয়টি অত্যন্ত অদ্ভুত। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি নিপীড়ন ও বৈষম্যের শিকার।

দলের অধিনায়ক মেহেদি তারেমিও একই সুরে ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হচ্ছে, যা দলের জন্য মোটেও ভালো নয়। ফিফার উচিত ছিল আমাদের আরও সহযোগিতা করা। আমাদের জন্য সবকিছুই এখন এক একটি বিপর্যয়ের মতো মনে হচ্ছে।

আরও পড়ুন

বিশ্বকাপ শুরুর আগে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়েও নানা বিধিনিষেধ ছিল। প্রথমে ম্যাচের দিন সকালেই এসে সন্ধ্যায় দেশ ছাড়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত শিথিল করে ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সর্বশেষ এই নির্দেশের ফলে ইরান দলের প্রস্তুতি ও পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission