বিশ্বকাপে প্রিয় দল কোন জার্সি পরে মাঠে নামবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি থাকে না। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা, সেটিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে দলটি তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি পরবে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।
বাংলাদেশ সময় বুধবার(১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে পরিচিত আকাশি-সাদা জার্সি, নীল শর্টস ও নীল মোজায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও আকাশি-সাদা ঐতিহ্যবাহী জার্সিতেই খেলবে দক্ষিণ আমেরিকার দলটি। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে আসবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নতুন কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের জার্সিটিতে নীল ও আকাশি নীলের ছোঁয়া থাকবে, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে মার্টিনেজের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।
নতুন অ্যাওয়ে জার্সির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্প থেকে। জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে সেই শিল্পরীতির ছাপ ফুটিয়ে তোলা হয়েছে।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি ম্যাচে তাদের চিরচেনা ঐতিহ্যবাহী রূপে এবং একটি ম্যাচে নতুন অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবে।
আরটিভি/এসকে



