মেসির সামনে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৯:৩৯ এএম


মেসির সামনে নতুন ইতিহাস
মেসির সামনে নতুন ইতিহাস। ছবি: সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলেছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়া এই আর্জেন্টাইন তারকার সামনে এবার অপেক্ষা করছে আরেকটি অনন্য মাইলফলক। 

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার(২২ জুন) রাতে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ডালাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচে গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে একক মালিকানা পাবেন মেসি। 

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। সেই ম্যাচে করা তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোলই মেসিকে নিয়ে যাবে সবার ওপরে।

এছাড়া গোল করতে পারলে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়বেন তিনি। এর আগে এই রেকর্ড গড়েছিলেন ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফঁতেন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জর্জিনহো।

৩৮ বছর বয়সেও মেসির প্রভাব অটুট। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ১০টি শটের মধ্যে আটটিতেই সরাসরি অবদান ছিল তার। ছয়টি শট নিজে নিয়েছেন, পাশাপাশি সতীর্থদের জন্য দুটি সুযোগও তৈরি করেছেন।

তবে আর্জেন্টিনার শক্তি শুধু মেসিতেই সীমাবদ্ধ নয়। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের নেতৃত্বে মাঝমাঠ এমন নিয়ন্ত্রণ দেখিয়েছে যে পুরো ম্যাচে আলজেরিয়া একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।যার ফলে মাঝমাঠ ছিল দুর্দান্ত। তাদের নিয়ন্ত্রণে পুরো ম্যাচে আলজেরিয়া লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি। 

অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে অস্ট্রিয়া। টানা চার ম্যাচে জয় পাওয়া ইউরোপীয় দলটি এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চমক দেখানোর স্বপ্ন দেখছে। 

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেন, আমরা জানি আর্জেন্টিনা কতটা শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তবে নিজেদের সামর্থ্যের ওপরও আমাদের বিশ্বাস আছে। আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো দলকেই চাপে ফেলতে পারব।

তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে অস্ট্রিয়া। অধিনায়ক অধিনায়ক ডেভিড আলাবা, স্টেফান পোশ ও আলেসান্দ্রো শপফর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনাও রক্ষণভাগে গনসালো মন্টিয়েলের চোট নিয়ে উদ্বিগ্ন।

আরও পড়ুন

এই ম্যাচে জয় পেলে এবং অন্য ম্যাচে জর্ডানের কাছে আলজেরিয়া পয়েন্ট হারালে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, অস্ট্রিয়ার বাধা পেরিয়ে মেসি নতুন ইতিহাস গড়তে পারেন কি না।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission