এক ড্রয়ে বদলে গেল সব হিসাব, নকআউটে কাকে পেল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৮:২৮ এএম


এক ড্রয়ে বদলে গেল সব হিসাব, নকআউটে কাকে পেল পর্তুগাল
গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়া। ছবি: এএফপি

প্রথম দুই ম্যাচের পয়েন্টে নকআউট পর্ব আগেই নিশ্চিত ছিল পর্তুগাল ও কলম্বিয়ার। তাই গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়া। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দলই। 

ফলে ম্যাচটি গোলশূন্য ব্যবধানেই ড্র হয়েছে। আর এই ড্রয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে কলম্বিয়া ও রানারআপ হয়ে পর্তুগাল নকআউট পর্বে পা রাখল।

৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট অর্জন করেছে কঙ্গো। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

আরও পড়ুন

রোববার (২৮ জুন) ফ্লোরিডার মায়ামি গার্ডেনে অনুষ্ঠিত এই ম্যাচজুড়ে অবশ্য আক্রমণ-প্রতি আক্রমণে পরস্পরকে চেপে ধরে পর্তুগাল ও কলম্বিয়া। গোল না পেলে লাগাতার আক্রমণ রোমাঞ্চকর লড়াই জমিয়ে তোলে। 

তবে তুলনামূলক পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫৫ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে, আর পর্তুগালের ১৩ শটের দুটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ গোল করার খুব কাছাকাছি ছিলেন, তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস তাকে হতাশা উপহার দেন। পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ছয়টি সেভ করেছেন, যা দলের প্রথম দুই ম্যাচে তার মোট সেভের চেয়েও বেশি।

অন্যদিকে, কলম্বিয়ার হয়ে দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডেভিনসন সানচেজ লিড পেয়েই গিয়েছিলেন। কিন্তু তার গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। 

গ্রুপ ‘কে’ থেকে চ্যাম্পিয়ন হওয়া কলম্বিয়া শেষ ৩২-এ লড়বে ‘এল’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে নকআউট নিশ্চিত করা ঘানার বিপক্ষে। ম্যাচটি হবে ৪ জুলাই সকাল সাড়ে ৭টায়। আফ্রিকান দেশটি নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে যায়।

এ ছাড়া ৪৮ দলের বর্ধিত এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে আসা পর্তুগাল ‘কে’ গ্রুপের রানার্সআপ হিসেবে মুখোমুখি হবে এল গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। আগামী ৩ জুলাই ভোর ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission