বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিংয়ের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন তরুণ গতিতারকা নাহিদ রানা। দীর্ঘ দুই দশক ধরে বিদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই গৌরবময় রেকর্ড এবার নিজের করে নিলেন এই তরুণ পেস সেনসেশন।
২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ সাফল্যের নজির গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় ২০ বছর ধরে সেই রেকর্ড ছিল অক্ষত, যা আজ ভেঙে দিলেন নাহিদ রানা।
সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচে দারুণ এক স্পেল উপহার দেন রানা। মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট নিয়ে তিনি গড়ে তোলেন নতুন এই ইতিহাস। এর মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের একক মালিক এখন তিনি।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক গতির ঝড় তুলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন এই তরুণ পেসার। তার আগ্রাসী বোলিংয়ের সামনে দাঁড়িয়ে একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই বড় চাপে পড়ে স্বাগতিকেরা।
বাংলাদেশের পেস বোলিংয়ে দীর্ঘদিন ধরে মাশরাফির সেই ২০০৬ সালের পারফরম্যান্সকে বিদেশের মাটিতে বড় মাইলফলক হিসেবে ধরা হতো। নাহিদ রানার আজকের এই অর্জন দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাত্রা যোগ করল। গতি ও সুইংয়ের দারুণ মিশ্রণে ধারাবাহিক উইকেট নেওয়ার ক্ষমতা দিয়ে ইতিমধ্যে আলোচনায় আসা নাহিদ রানা এবার প্রমাণ করলেন, বিদেশের মাটিতেও তিনি কতটা কার্যকর ও ভয়ংকর হয়ে উঠতে পারেন।
আরটিভি/এআর



