আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ১১:৫৬ এএম


আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ
সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে নির্ধারিত ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ইউরোপের দলটি। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী রোববার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা তাদের জন্য বিশেষ সুযোগ হলেও আর্জেন্টিনা কোনোভাবেই অপরাজেয় নয়।

ইয়াকিন বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বিশেষ সুযোগ। তবে আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা অপরাজেয় নয়। আমরা তাদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলার ধরন ও মানসিকতা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে।

তবে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ কিছুটা সতর্ক বার্তাই দিয়েছেন। চারটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার বলেন, আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল এবং তাদের শক্তি সম্পর্কে সুইসরা পুরোপুরি সচেতন।

রদ্রিগেজ বলেন, আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মান সম্পর্কে আমরা জানি। বিশেষ করে লিওনেল মেসির মতো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তাদের দলে রয়েছে।

এদিকে, কোয়ার্টার ফাইনালের আগে ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সুইজারল্যান্ডের জন্য। কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি দলের হয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ তিন গোল করা ইয়োহান মানজাম্বি। হাঁটুর চোটে ভোগা এই ফরোয়ার্ডকে নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এ বিষয়ে ইয়াকিন বলেন, এ ধরনের চোট থেকে অল্প সময়ে ফেরা সহজ নয়। ঠিক কী ধরনের চোট, সেটিও এখনো নিশ্চিত নই। যদি সে খেলার মতো ফিট থাকে, অবশ্যই তাকে খেলানো হবে। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।

এছাড়া মিশেল এবিশার ও লুকা ইয়াকেজও চোটের কারণে এখনো মাঠের বাইরে রয়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক নিয়মিত খেলোয়াড়ের অনুপস্থিতি সুইস শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে।

আরও পড়ুন

১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড কি এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে পারবে? সেই উত্তর মিলবে রোববার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission